শেষ রাতে তীব্র শীতে জলে নামেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোররাত তিনটা! এই সময়ে ঘরের বাইরে যাওয়া মানেই ঠান্ডায় জমে যাওয়া। ঠিক ওই সময়েই কাঁপতে কাঁপতে ঘর থেকে বের হয়ে বরফশীতল পানিতে নামতে হয় পাবনার বেড়া উপজেলার জেলেদের। এই কষ্ট না করলে তাঁদের জীবিকা চলবে না। সকাল পর্যন্ত মাছ ধরে যা আয় করেন, তাই দিয়ে চলে তাঁদের সংসার।জেলেরা জানান, শেষ রাতে মাছ ধরতে যাওয়া চরম কষ্টের হলেও বাধ্য হয়ে এই সময়টাতেই তাঁদের যেতে হয়। এই সময়ে নদী ও বিলসহ প্রাকৃতিক জলাশয়গুলোতে তুলনামূলক বেশি মাছ পাওয়া যায়। শিকার করা এসব মাছ সকালে বাজারে নিয়ে এলে দামও ভালো পাওয়া যায়। তা ছাড়া স্থানীয় মৎস্যচাষিরা শেষ রাত থেকে সকাল সাতটার মধ্যে তাঁদের পুকুরের মাছ ধরাতে চান। যাতে তাঁরা সকালে ওই মাছ টাটকা অবস্থায় পাইকারি বাজারে বিক্রির জন্য নিয়ে যেতে পারেন। বেড়া উপজেলায় মাছের আড়ত শুধু সকালবেলাতেই বসে।বেড়া পৌর এলাকার মৈত্রবাঁধা মহল্লার মাছ শিকারী সুবল হালদার বলেন, ‘আমরা জাইল্যা। আমাগরে কি জল দেখলি ভয় পাওয়া চলে? বাপ-দাদারাও এ রকম ঠান্ডার মইধ্যে শেষ রাইতে জলে নাইম্যা মাছ ধরিছে। তাগরে মতো আমরাও ধরত্যাছি। তয় ঠান্ডায় খুব কষ্ট হয়। শইলও নষ্ট হয়া যায়। আমার ছাওয়াল নিখিলের বুকে দোষ দেখা দিছে। আমার শইলও ভালো না।’পৌর এলাকার বরশিলা মহল্লার আরেক মাছ শিকারি গোপাল হালদার জানান, শেষ রাতে পানিতে নামতে তাঁর খুবই কষ্ট হয়। কিন্তু মাছ ধরতে না গেলে পরের দিন সন্তানদের মুখে ভাত তুলে দিতে পারবেন না তিনি। তাই বাধ্য হয়েই শীতের কষ্ট সহ্য করে তাঁকে পানিতে নামতে হয়। তিনি বলেন, ‘মাছ ধরব্যার যায়া হাত-পাও জইম্যা গেলি আগুন জ্বালায়া শরীর গরম কইর‌্যা নেই।’বৃশালিখা মহল্লার মৎস্যচাষি আবদুল কুদ্দুস বলেন, ‘আমার জলায় শেষ রাইতে মাছ ধরা শুরু হয়। ওই সময়ে মানুষ যখন ঘরের মধ্যেও কাঁপে তখন জাইল্যারা আমার জলায় আইস্যা মাছ ধরে। চরম শীতের ঠান্ডা পানিতে নাইম্যা তাঁরা যেভাবে মাছ ধরে তা চোখে না দেখলি কারও হয়তো বিশ্বাসই হবি না।’