শেষ শরতে ঢাকায় দুঃসহ গরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালের রোদ্দুরও তিরের ফলার মতো শরীরে বেঁধে। বিকেলে রোদ যখন মিইয়ে আসে, তখনো শরীর থেকে ঘাম ঝরতে থাকে। সন্ধ্যায় কিংবা রাতে গরমের তীব্রতা কমে না কখনো। কেবল শেষ রাতে যা একটু আরাম হয়।
অথচ তাপমাত্রা বেশি নয়। ঢাকার তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রির ঘরে। তারপরও গরমে সবার হাঁসফাঁস অবস্থা। রাস্তাঘাটে তো নয়ই, অফিস-বাড়ি কোথাও স্বস্তি নেই। কর্মজীবী ও নিত্যযাত্রীদের ত্রাহি অবস্থা।
মাসটি ভাদ্র হলে বলা যেত তাল পাকা গরম। ভাদ্র আর তাল পাকা শেষ হয়ে গেছে আগেই। আশ্বিনেও গরম থাকে। অনেকে বলেন কুকুর পাগল করা গরম। সে সময়ও অতিক্রান্ত প্রায়। আশ্বিনেরও শেষার্ধ শুরু হয়ে গেছে। এখনকার স্বাভাবিক প্রত্যাশা হেমন্তের হিমেল হাওয়ার আনাগোনা। তবে তা কবে শুরু হবে, তার হদিস আবহাওয়া অধিদপ্তরে নেই।
বঙ্গোপসাগরে লঘুচাপের চিহ্নমাত্র নেই। দেশের ভূখণ্ড-সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে এসেছে। দেশের ওপরও মৌসুমি বায়ু দুর্বল হয়ে এসেছে। ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখছেন না আবহাওয়াবিদেরা।
আবহাওয়াবিদদের পূর্বাভাস, আবহাওয়া এখন মূলত শুষ্কই থাকবে। ফলে অবিরাম ঘাম ঝরানো গরমের হাত থেকে নিস্তার মিলবে না, যত দিন না হিম হিম পরশ নিয়ে আসছে হেমন্ত। মৌসুমি বায়ুর প্রভাব হটিয়ে যত দিন না আসছে উত্তুরে হাওয়া, তত দিন ভোগাবে শেষ শরতের দুঃসহ গরম।
গরমের কারণে জ্বর, সর্দি-কাশির মতো রোগের প্রকোপ বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধরা এতে আক্রান্ত হচ্ছেন।