শেষ শয়ানে খন্দকার মোহাম্মদ ফারুক শহীদ মিনারে শ্রদ্ধা ও স্মৃতিচারণা

কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণার পর চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার মোহাম্মদ ফারুক।
প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি জানান, গতকাল বুধবার বিকেলে টাঙ্গাইল জেলার আইসড়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে তাঁর তৃতীয় জানাজা শেষে নিজ গ্রাম আইসড়ার পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। সেখানে অসংখ্য মানুষ মরহুমকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল সকালে বারডেম থেকে মোহাম্মদ ফারুকের মরদেহ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে মোহাম্মদ ফারুকের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে নানা বিশিষ্টজন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তাঁকে শেষ শ্রদ্ধা জানায়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, যুব ইউনিয়ন, কেন্দ্রীয় খেলাঘর আসর, বাংলাদেশ কৃষক সমিতি, গার্মেন্ট শ্রমিক টিইউসি, ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্ট ফর ডেভেলপমেন্টের নেতারা ছাড়াও ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা জেলা, বুয়েট, বুটেক্সসহ বিভিন্ন শাখা মরহুমকে শেষ শ্রদ্ধা জানায়। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন ট্রেড ইউনিয়ন কেন্দ্র, মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট, ঐক্য ন্যাপ, বাংলাদেশ ছাত্র মৈত্রী, জাসদ (ছাত্রলীগ), সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, সোমেন তাজুল পাঠাগার ও কারক নাট্যসম্প্রদায় পুষ্পস্তবক অর্পণ করে। শ্রদ্ধাজ্ঞাপন শেষে সংক্ষিপ্ত স্মৃতিচারণা করেন মোহাম্মদ ফারুকের সময়কালের ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল হক, ডাকসুর সাবেক ভিপি আকতারুজ্জামান, ইউকসুর সাবেক ভিপি মনিরউদ্দিন আহমেদ এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। স্মৃতিচারণা পর্ব সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকি আক্তার। শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণার পর মরদেহ টাঙ্গাইলের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
গত ২৯ জুন ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম রূপকার খন্দকার মোহাম্মদ ফারুক। ১ জুলাই তাঁর মরদেহ ঢাকায় এসে পৌঁছায়। ওই দিন বাদ আসর ধানমন্ডি ৭ নম্বর রোড মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর মরদেহ বারডেম হাসপাতালে রাখা হয়।
মোহাম্মদ ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার সুখ ও শান্তি কামনা করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি।
খন্দকার মোহাম্মদ ফারুক ১৯৫৬ সালের ৩০ জুন টাঙ্গাইলের আইসড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। জনপ্রিয় এই ছাত্র ও ক্ষেতমজুর নেতা আজীবন সমাজ পরিবর্তনের আন্দোলনের সহযাত্রী ও সহযোদ্ধা ছিলেন। বিজ্ঞপ্তি।