শেষ সময়ে আওয়ামী লীগে মনোনয়নপ্রত্যাশী বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচন যত এগিয়ে আসছে দিনাজপুরের বিরামপুর উপজেলায় আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ততই বাড়ছে। তৃণমূলের নেতা-কর্মীরা বলছেন, এ অবস্থায় একক প্রার্থী কে হবেন সে সিদ্ধান্ত নিতে কেন্দ্রের দিকেই তাকিয়ে আছেন তাঁরা।
১৯৯৫ সালের ১৬ জুন প্রতিষ্ঠিত এ পৌরসভাটি প্রথম শ্রেণির। বিরামপুর পৌরসভায় এটি চতুর্থ নির্বাচন। আগের তিনটি নির্বাচনের মধ্যে দুবার আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এবং একবার বিএনপি-সমর্থিত প্রার্থী নির্বাচিত হন।
পৌরসভার নির্বাচন তফসিল ঘোষণার অনেক আগে থেকেই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেন সাবেক পৌর চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আক্কাস আলী। সাবেক পৌর মেয়র হোসেন আলী সরকারও দলের মনোনয়ন পাওয়ার জন্য মাঠে নামেন। গত ২৯ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় হোসেন আলী মারা যান। এরপর তাঁর বড় ছেলে লিয়াকত হোসেন প্রচারণা চালান।
আক্কাস আলী বলেন, এবার নির্বাচন করার জন্য তিনি অনেক আগে থেকেই মাঠে রয়েছেন। তবে দল যাকে মনোনয়ন দেবে, তাঁকে নির্বাচিত করার জন্য কাজ করবেন।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মশফিকুর রহমান বলেন, গত উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় লিয়াকত হোসেন ও তাঁর বাবা হোসেন আলীকে সে সময় দল থেকে বহিষ্কার করা হয়।
এদিকে তৃণমূল থেকে প্রার্থী বাছাই করে কেন্দ্রে পাঠানোর নির্দেশনা এলে উপজেলা আওয়ামী লীগ গত শুক্রবার রাতে জরুরি সভা করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান গতকাল শনিবার বলেন, সভায় দল থেকে প্রার্থী নির্ধারণের বিষয়ে কমিটির সদস্যদের কাছে মতামত জানতে চাওয়া হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি দিলীপ কুমার এবং সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা ব্যক্ত করেন। লিয়াকত হোসেন দল থেকে বহিষ্কৃত হওয়ায় তাঁকে নিয়ে কোনো আলোচনার প্রয়োজন হয়নি।
খায়রুল আলম ও দিলীপ কুমার বলেন, দলীয় প্রতীকে নির্বাচনের জল্পনা-কল্পনা চলছিল অনেক আগ থেকে। সে বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় তাঁরা আগে থেকে মাঠে নামেননি। কেন্দ্র থেকে নির্দেশনা আসার পরই নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। তাই তাঁরা মনোনয়ন নেওয়ার ইচ্ছে ব্যক্ত করেছেন। তবে দল যাঁকে মনোনয়ন দেবে তাঁর পক্ষেই নির্বাচন করবেন।
বহিষ্কৃত হওয়ায় তৃণমূল থেকে সমর্থন না পাওয়ার বিষয়ে জানতে চাইলে লিয়াকত আলী বলেন, পৌর আওয়ামী লীগ তাঁকে সমর্থন দিয়েছে। তাঁর বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার জেলা আওয়ামী লীগও প্রার্থী বাছাইয়ের সভায় তাঁকে ডেকেছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মণ্ডল বলেন, লিয়াকত হোসেন যে পৌর কমিটির সমর্থনের দাবি করছেন, সে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলা আওয়ামী লীগ নতুন কমিটি অনুমোদন দিয়েছে। তাই ওই কমিটির কথার কোনো মূল্য নেই। বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়েও তিনি কিছু জানেন না।
এ বিষয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ২০০৪ সালে কাউন্সিলের মাধ্যমে তাঁদের কমিটি গঠন করা হয়। এরপর আর কাউন্সিল হয়নি। ফলে তাঁদের কমিটি বিলুপ্ত নয়। তাঁরা লিয়াকত আলীকে সমর্থন দেবেন।