শেষ সময়ে এমপিওভুক্তির উদ্যোগ
মেয়াদের শেষ সময়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত (মাসে বেতন-ভাতাদির সরকারি অংশ প্রদান) করার উদ্যোগ নিয়েছে সরকার। অর্থের কারণে দীর্ঘ তিন বছর ধরে এমপিওভুক্তি বন্ধ থাকলেও নির্বাচন সামনে রেখে আবার এ বিষয়ে উদ্যোগ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এ জন্য শিক্ষা মন্ত্রণালয় সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে কথা বলছে। উচ্চপর্যায়ের সম্মতি পাওয়ার পরপরই এ বিষয়ে আনুষ্ঠানিক কাজ শুরু করবে শিক্ষা মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয় আনুষঙ্গিক প্রস্তুতি নিয়ে রাখছে। বিষয়টি নিয়ে ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতেও আলোচনা হয়েছে। কমিটি বিষয়টি ইতিবাচকভাবে দেখতে বলেছে।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার বিষয়ে আমাদের চিন্তাভাবনা আছে। সংসদীয় কমিটিতেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আর্থিক সমস্যার কারণে এত দিন সেটা দেওয়া যাচ্ছিল না। এখন জোরালোভাবে চেষ্টা করা হচ্ছে।’
শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, শেষ সময়ে কিছু প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার চিন্তাভাবনা করা হচ্ছে। তবে কতগুলো প্রতিষ্ঠান এই সুবিধা পাবে এবং কোন প্রক্রিয়ায় সেটা হবে, সে বিষয়ে সরকারের নীতিনির্ধারক পর্যায়ের দিকনির্দেশনার অপেক্ষায় আছেন তাঁরা।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, বর্তমানে সারা দেশে স্বীকৃতিপ্রাপ্ত (এমপিওভুক্তির অপেক্ষায়) শিক্ষাপ্রতিষ্ঠান আছে পাঁচ হাজার ৭৩৩টি। এর মধ্যে স্কুল দুই হাজার ৮৫৭টি, কলেজ ৯৫৩টি ও মাদ্রাসা এক হাজার ৯২৩টি। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে না। বাছাই করে ও সরকারের দিকনির্দেশনা অনুযায়ী এই সংখ্যা ঠিক করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা জানান, সর্বশেষ ২০১০ সালে এক হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়। কিন্তু তাতেও সাংসদদের চাহিদা পূরণ করা সম্ভব হয়নি।
এর পর থেকে সাংসদেরা আরও প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানাতে থাকেন। এ ছাড়া স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরাও এমপিওভুক্তির দাবিতে আন্দোলনে নামেন। এ বিষয়ে সরকারের তরফ থেকে তাঁদের প্রতিশ্রুতিও দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় আবারও আন্দোলন শুরু করেছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোট। গত মঙ্গলবারও তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন।
এর আগে সাংসদদের দাবির মুখে এমপিওভুক্তির জন্য প্রতি সাংসদের কাছ থেকে তিনটি করে প্রতিষ্ঠানের তালিকাও সংগ্রহ করে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় বিষয়টি আটকে যায়।
বর্তমানে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান আছে ২৭ হাজার ৬৪৩টি। এসব প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী আছেন প্রায় চার লাখ ৬৬ হাজার।
এদিকে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার সহকারী গ্রন্থাগারিককে শর্তসাপেক্ষে এমপিওভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ১১ সেপ্টেম্বর এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।