শেষ সময়ে ৪৫৭৯ কোটি টাকার নতুন প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ সময়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে চার হাজার ৫৭৯ কোটি টাকার ১৭টি প্রকল্প অনুমোদন করেছে সরকার। এর মধ্যে দুই হাজার ৯৩৭ কোটি টাকা সরকারি কোষাগার থেকে ব্যয় করা হবে। বাকি এক হাজার ৬৪২ কোটি টাকা বৈদেশিক সহায়তা পাওয়া যাবে বলে সরকার ধরে নিচ্ছে।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে গতকাল মঙ্গলবার এই অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কাছে গত সোমবার পদত্যাগপত্র জমা দেওয়া বেশির ভাগ মন্ত্রীই বৈঠকে উপস্থিত ছিলেন।
প্রতি মঙ্গলবার একনেক বৈঠক অনুষ্ঠিত হলেও, আগামী রোববার একনেকের বিশেষ একটি বৈঠক ডেকেছে সরকার। ওই বৈঠকেও অনুমোদনের জন্য দুই থেকে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প উপস্থাপন করা হবে বলে পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
গতকালের বৈঠকে দেশের উপকূলীয় অঞ্চলের আটটি পৌরসভার অবকাঠামো উন্নয়নের জন্য ‘উপকূলীয় শহর অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এটি বাস্তবায়নে ব্যয় হবে ৮৭৫ কোটি টাকা।
বৈঠকের পর পরিকল্পনাসচিব ভূঁইয়া সফিকুল ইসলাম এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
অনুমোদিত অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে: এক হাজার ১৩০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়ের ১০০টি এমজি ও ৫০টি বিজি যাত্রীবাহী গাড়ি সংগ্রহ, ৫৯৭ কোটি টাকা ব্যয়ে গোপালগঞ্জে ইডিসিএলের তৃতীয় শাখা কারখানা স্থাপন, ৩২৯ কোটি টাকা ব্যয়ে বিএমএ বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ, ২৯৭ কোটি টাকা ব্যয়ে ‘চিনকী-আস্তানা-আশুগঞ্জ সেকশনের ক্ষয়প্রাপ্ত রেল নবায়ন ও আনুষঙ্গিক কাজ, ২১৩ কোটি টাকার ৫০ শয্যার তিনটি বিজিবি হাসপাতাল (ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা ও খাগড়াছড়ি) স্থাপন, ২০৯ কোটি টাকার জামালপুর জেলার ইসলামপুর উপজেলাধীন ব্রহ্মপুত্র নদের ওপর দুটি সেতু নির্মাণ, ১৭৪ কোটি টাকা ব্যয়ে পটুয়াখালী-কুয়াকাটা সড়কে শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু ও শেখ রাসেল সেতু নির্মাণ, ১৭২ কোটি টাকার আনসার ও ভিডিপির ব্যাটালিয়ন সদর দপ্তর কমপ্লেক্স নির্মাণ (প্রথম পর্যায় ১৫টি আনসার ব্যাটালিয়ন), ১৭১ কোটি টাকা ব্যয়ের ‘বিএনএ বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ, ৭০ কোটি টাকা ব্যয়ে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় নাগরপুর-মির্জাপুর ভায়া মোকনা সড়কে ধলেশ্বরী নদীর ওপর ৫২১ মিটার দীর্ঘ সেতু নির্মাণ।