শেষ সম্বল দিয়ে কেনার পর জানলেন সেটি দেবোত্তর সম্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসর ভাতা আর স্ত্রীর স্বর্ণালংকার বেচে কিনেছিলেন চার শতক জমি। কেনার পর জানতে পারেন, সেটি দেবোত্তর সম্পত্তি। এরপর র্যাব-পুলিশ থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত ধরনা দিলেও টাকা আর ফেরত পাননি। এর মধ্যে কেটে গেছে পাঁচ পাঁচটি বছর।
ওই ভুক্তভোগীর নাম দ্বিজেন ব্যানার্জি। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার এক অবসরপ্রাপ্ত শিক্ষক। এ ঘটনায় ২৫ জুন দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে তিনি নিজের ওই অসহায়ত্বের কথা তুলে ধরেন।
শিক্ষক দ্বিজেন বলেন, তাঁর পৈতৃক বাড়ি চিরিরবন্দরের নানিয়াটিকর গ্রামে। ১০ বছর আগে তিনি রাজশাহীর শিরোইল সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে অবসর নেন। এরপর জীবনের শেষ সম্বল অবসর ভাতার অর্থ ও স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে ১৬ লাখ টাকায় ২০১১ সালে দিনাজপুর শহরের গুঞ্জাবাড়ী মৌজায় শহরের ব্যবসায়ী শ্যামল কুমার ঘোষের কাছ থেকে চার শতক জমি কেনেন। কিন্তু ওই জমি শ্রীশ্রী রঘুনাথ জিউ ঠাকুরের দাবি করে ঠাকুরের সেবায়েতরা ২০১২ সালের জুন মাসে আদালতে মামলা করেন।
দ্বিজেন আরও বলেন, সচেতন একজন মানুষ হিসেবে তিনি দেবোত্তর জমিতে বাড়ি করে থাকা সমীচীন মনে করেননি। তাই বিক্রেতা শ্যামল কুমারের কাছে টাকা ফেরত চেয়ে বহুবার ধরনা দেন। কিন্তু তিনি তাঁকে পাত্তা দেননি। ফলে ২০১৫ সালের ১৫ জুন তিনি জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেন। এরপর ১৮ জুন উভয়কে কোতোয়ালি থানায় ডাকা হয়। সেখানে শ্যামল কুমার দেবোত্তর সম্পত্তি বিক্রি করার কথা স্বীকারও করেন। কিন্তু টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান তিনি। একপর্যায়ে পুলিশ টাকা উদ্ধারে অপারগতা জানায়। এরপর তিনি র্যাব ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) গিয়েও প্রতিকার পাননি। সর্বশেষ তিনি ২০১৫ সালে ও চলতি বছর দুই দফা প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেন। দিনাজপুরের মন্ত্রী-সাংসদদের কাছেও আবেদনের কপি দেওয়া হয়। কিন্তু সব জায়গা থেকেই তাঁকে হতাশ হয়ে ফিরতে হয়েছে।
আদালতের দ্বারস্থ না হওয়ার বিষয়ে শিক্ষক দ্বিজেন বলেন, তাঁর বর্তমান বয়স ৬৬ বছর। জীবদ্দশায় মামলার ফল পাবেন, এমন বিশ্বাস নেই। তাই কষ্টার্জিত অর্থ ফেরত পেতে তিনি প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ চান।
অভিযোগের ব্যাপারে শ্যামল কুমার ঘোষ গতকাল বুধবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ১৯৬৫ সালের পর তিনি ওই জমির ষষ্ঠ ক্রেতা। জমিটি তিনি অগ্রণী ব্যাংকের কাছ থেকে আদালতে নিলামের মাধ্যমে কিনেছিলেন। ওই জমি নিষ্কণ্টক দাবি করে তিনি বলেন, দেবোত্তর সম্পত্তি দাবি করে যাঁরা মামলা করেছেন, তাঁরা আসলে প্রতারক।