শেষ সময়ে রিহ্যাবের নির্বাচন স্থগিত
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। কাল শনিবার এ নির্বাচন হওয়ার কথা ছিল।গতকাল বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার ড. তৌফিক এম সেরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন স্থগিত হওয়ার কথা জানানো হয়েছে। কী কারণে নির্বাচন স্থগিত হয়েছে, তা জানানো হয়নি। তবে নির্বাচন বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, তিন প্যানেলেরই অধিকাংশ প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন।রিহ্যাব সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। ২১ সদস্যের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে এবার মোট ৫০ জন প্রার্থী হয়েছেন।এবার জাগরণ, নবধারা ও পরিবর্তন নামের মোট তিনটি প্যানেলে প্রার্থীরা নির্বাচন করছেন। ইতিমধ্যে প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। জাগরণ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন রিহ্যাবের সাবেক সভাপতি ও ক্যাপিটাল্যান্ড ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোকাররম হোসেন খান। নবধারা প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন রিহ্যাবের বর্তমান ঊর্ধ্বতন সহসভাপতি হামিদ রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক সাংসদ নসরুল হামিদ। পরিবর্তন প্যানেলের প্রার্থীরা হলেন তামান্না রিয়েল এস্টেটের তুহিন হাসনাত কফিল।অনুসন্ধানে জানা গেছে, নবধারা প্যানেলকে সমর্থন দিচ্ছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। ১৭ মার্চ বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠ আয়োজিত সেমিনারে তিনটি প্যানেলের মধ্যে কেবল নবধারা প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।