শেষ সময়ে সোনার দোকানে ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতর সামনে রেখে সপ্তাহ খানেক হলো বেড়া উপজেলার স্বর্ণকারদের ব্যস্ততা হঠাৎ বেড়ে গেছে। অথচ রমজানের প্রথম ১৫ দিন তাঁদের হাতে কাজ ছিল একেবারেই কম।
স্বর্ণকারদের ধারণা, গত পাঁচ-ছয় বছরের মধ্যে স্বর্ণের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় হঠাৎ করেই লোকজনের মধ্যে স্বর্ণালংকার তৈরির হিড়িক পড়েছে। এ অবস্থায় উপজেলার স্বর্ণকারদের নাওয়া-খাওয়া ভুলে স্বর্ণালংকার তৈরিতে ব্যস্ত থাকতে হচ্ছে।
স্বর্ণালংকার ব্যবসায়ী সূত্র জানায়, বর্তমানে প্রতি ভরি পাকা সোনার দাম ৩৭ হাজার ২০০ টাকায় এসে দাঁড়িয়েছে। অথচ ২০১১ সালের শেষ দিকে এই দাম বেড়ে দাঁড়িয়েছিল ৫৫ হাজার টাকারও ওপরে। এমন দামের কারণে ২০১১ ও ২০১২ সালে বেড়া উপজেলায় স্বর্ণালংকার তৈরির কাজ একেবারেই কমে গিয়েছিল। গত দুই বছর স্বর্ণের দাম ৪২ থেকে ৪৮ হাজার টাকায় ওঠা-নামা করায় সেই সময়ে স্বর্ণালংকার তৈরির কাজ কিছুটা বেশি হয়েছে। এরপর চলতি বছরের শুরুর দিক থেকে সোনার দাম আরও কমতে থাকে। এবারের ঈদুল ফিতরের একেবারে সামনে এসে সোনার দাম সর্বনিম্ন পর্যায়ে অর্থাৎ প্রায় ৩৭ হাজার টাকায় (প্রতি ভরি পাকা সোনা) এসে দাঁড়িয়েছে। আর এতেই স্বর্ণালংকার তৈরির হিড়িক পড়েছে।
বেড়া উপজেলা স্বর্ণালংকার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গৌর কর্মকার বলেন, অন্যান্য বছর ঈদুল ফিতরের এক থেকে দেড় মাস আগেই স্বর্ণালংকার তৈরির কাজ শুরু হয়। কিন্তু এবার রমজানের প্রথম ১৫ দিনে স্বর্ণের দাম কম থাকা সত্ত্বেও তেমন কাজ আসেনি। এর কারণ সম্পর্কে তিনি বলেন, হয়তো মানুষ ভেবেছিল সোনার দাম আরও কমবে। তাই তাঁরা প্রথম দিকে আসেননি। শেষ দিকে সোনার দাম প্রতি ভরিতে আর একটু কমায় লোকজনের মধ্যে স্বর্ণালংকার তৈরির হিড়িক পড়েছে। কাজের চাপ হঠাৎ বেড়ে যাওয়ায় এখন অনেক স্বর্ণকারকে দোকানেই খাওয়া-দাওয়া ও ঘুম সেরে নিতে হচ্ছে।
স্বর্ণালংকার ব্যবসায়ী সমিতি সূত্র জানায়, বেড়া উপজেলায় স্বর্ণালংকার তৈরির দেড় শতাধিক দোকান রয়েছে। এসব দোকানে প্রায় এক হাজার স্বর্ণকার কাজ করেন। সাধারণত ঈদ বা পূজার মৌসুমে স্বর্ণকাররা অতিরিক্ত কাজ করে বাড়তি আয় করে থাকেন। গত কয়েকটি ঈদ ও পূজায় স্বর্ণালংকার তৈরির কাজ কম হওয়ায় স্বর্ণকারদের আয়-রোজগার ব্যাপক কমে গিয়েছিল। অনেকে পেশা পরিবর্তনের কথাও ভাবছিলেন। কিন্তু এবারের ঈদুল ফিতরের শেষ সময়ে ব্যাপক কাজ হওয়ায় স্বর্ণকারদের মুখে হাসি ফুটেছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার স্বর্ণকাররা স্বর্ণালংকার তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন। অনেক দোকানে স্বর্ণকাররা রাত জেগেও কাজ করছেন।
বেড়া বাজারের সুমন জুয়েলার্সের মালিক সুমন কর্মকার বলেন, ‘সবাই ঈদের আগে স্বর্ণালংকার চান। কিন্তু যে পরিমাণ স্বর্ণালংকার তৈরির অর্ডার পেয়েছি, তাতে ঈদের আগে সবগুলো সরবরাহ করতে পারব কি না সন্দেহ। তাই আপাতত আমরা স্বর্ণালংকার তৈরির অর্ডার নেওয়া বন্ধ করেছি।’
এদিকে সোনার দাম কিছুটা আয়ত্তের মধ্যে আসায় খুশি অনেকেই। বেড়া বাজারের স্বর্ণালংকার তৈরির দোকান আধুনিকা শিল্পালয়ে কথা হয় এক শিক্ষকের সঙ্গে। ঈদ উপলক্ষে স্ত্রীর জন্য স্বর্ণালংকার তৈরি করাতে এসেছিলেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রীর গয়নার শখ। একদিকে ঈদ ও অন্যদিকে স্বর্ণের দাম কিছুটা কমায় ভরি দেড়েকের মধ্যে স্ত্রীর জন্য স্বর্ণালংকার বানানোর অর্ডার দিয়েছেন তিনি।