শেষ সময়ের ব্যস্ততা হজযাত্রীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজের প্রথম ফ্লাইটের যাত্রীরা গতকাল সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা l ছবি: প্রথম আলো
হজের প্রথম ফ্লাইটের যাত্রীরা গতকাল সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা l ছবি: প্রথম আলো

হাজারো হজযাত্রীর ব্যস্ততা দেখা গেল ঢাকার আশকোনার হজ ক্যাম্পে। গতকাল সোমবার বাংলাদেশ বিমানের প্রাক্‌-হজ ফ্লাইট শুরু হয়েছে। ফ্লাইট অনুযায়ী সবাইকে এই ক্যাম্প হয়েই বিমানে উঠতে হবে। তাই দেশের বিভিন্ন জায়গা থেকে হজযাত্রীরা ক্যাম্পে আসছেন। পবিত্র হজ পালনের সব প্রস্তুতি শেষ হওয়ায় হজযাত্রীদের মধ্যে ছিল স্বস্তির আভাস।

সোমবার হজ ক্যাম্পে গিয়ে দেখা যায়, ক্যাম্পের প্রতিটি শাখায় যাত্রীদের পদচারণ। পাসপোর্ট, টিকিট হাতে না পেয়ে কেউ রয়েছেন অধীর অপেক্ষায়। কয়েকজন হজযাত্রী অভিযোগ করেন, হজ ফ্লাইটের এক দিন বাকি থাকলেও তাঁদের হজ গাইড বা মোতোয়ালি এখনো খুঁজে পাননি।

রাজশাহী থেকে একত্রে ২২ জন গত শনিবার এসেছেন হজ ক্যাম্পে। তাঁদের একজন মো. ইফতিয়ার আলী বলেন, ‘কাল (আজ মঙ্গলবার) ফ্লাইট। এখনো পাসপোর্ট পাইনি। তবে এটি নিয়ে চিন্তিত নই। সবাই সময়মতো পেয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ৫ নম্বর ডরমিটরির শৌচাগারে বাতি জ্বলে না, ফ্যানেও সমস্যা ছিল। আর বিছানার চাদর খুব নোংরা।

ময়মনসিংহ থেকে আসা হজযাত্রীদের একটি দল এখনো তাদের মোতোয়ালির সাক্ষাৎ পায়নি। এ নিয়ে উদ্বিগ্ন হজযাত্রীদের একটি দল গিয়েছিল পরিচালকের সঙ্গে কথা বলতে। তিনজন হজযাত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কাল আমাদের ফ্লাইট। কিন্তু আমাদের গাইডকে এখনো দেখিনি।’

হজ ক্যাম্পের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা যায়নি। হজযাত্রীদের পক্ষ থেকেও কোনো অভিযোগ করা হয়নি। বাতি, ফ্যান নষ্টের মতো সমস্যাগুলো বলামাত্রই সমাধান করা হচ্ছে। আর গাইডের বিষয়ে ভিন্ন জেলার কারণে সমস্যা হয়েছিল সেটিরও সমাধান হয়েছে।

গতকাল সকাল ৭টা ৫৪ মিনিটে সরকারি ব্যবস্থাপনায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমানের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানান। এ ছাড়াও গতকাল আরও দুটি হজ ফ্লাইট এবং একটি নিয়মিত ফ্লাইট হজযাত্রীদের নিয়ে ঢাকা ছেড়েছে।

এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালন করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে হজ ফ্লাইট ও নিয়মিত ফ্লাইটে ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী বিমান বাংলাদেশে জেদ্দা যাবেন।

প্রথম আলো এবারও হজযাত্রীদের বিনা মূল্যে হজ গাইড দিচ্ছে। এ নিয়ে টানা ১১ বছর হজ গাইড দেওয়া হলো। এবার ১ লাখ ৪০ হাজার হজ গাইড দেওয়া হচ্ছে। হজ ক্যাম্প থেকে হজযাত্রীদের বিমানবন্দরে যাতায়াতের সুবিধার জন্য দুটি বাসের ব্যবস্থা করেছে ঢাকা মহানগর পুলিশের উত্তর ট্রাফিক বিভাগ।