শেষ হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে আজ বৃহস্পতিবার শেষ হতে যাচ্ছে মহাজোট সরকারের প্রতিশ্রুত ন্যাশনাল সার্ভিস কর্মসূচি। মহাজোট সরকারের নির্বাচনী ইশতেহারে প্রতি ঘরে অন্তত একজন করে বেকার যুবককে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এর অংশ হিসেবে কুড়িগ্রামে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি নামে পরীক্ষামূলক প্রকল্প শুরু হয় ২০১০ সালে।
যুব উন্নয়ন অধিদপ্তর জানায়, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় কুড়িগ্রামের নয় উপজেলায় চারটি ব্যাচে পর্যায়ক্রমে মোট ২৯ হাজার ৮১৫ জন শিক্ষিত বেকার যুবক-যুবতী অংশ নেন। তিন মাস প্রশিক্ষণ শেষে এঁদের দুই বছর মেয়াদে অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজ দেওয়া হয়।
এর আগে প্রতিটি ব্যাচের প্রশিক্ষণ শেষে ছয় হাজার টাকা মাসিক ভাতা দেওয়া হয়। এর মধ্য থেকে দুই হাজার টাকা ব্যক্তিগত সঞ্চয়ের জন্য কেটে মেয়াদ শেষে ৫০ হাজার টাকা ও একটি সনদপত্র দেওয়া হয়। সর্বশেষ চতুর্থ ব্যাচের মেয়াদ শেষ হচ্ছে আজ ৩১ অক্টোবর।
সংশ্লিষ্ট বিভাগ আরও জানায়, এ প্রকল্পের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা, কম্পিউটার, শিক্ষা, কৃষি, জননিরাপত্তাসহ মোট ১০টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হামিদুর রহমান কুড়িগ্রামে এ কর্মসূচি বাস্তবায়নে আরও যত্নবান হওয়া উচিত ছিল বলে মত প্রকাশ করে বলেন, প্রকল্পটি নানা ত্রুটি-বিচ্যুতি ও প্রতিবন্ধকতার মধ্য দিয়ে চালাতে হয়েছে।
সচেতন নাগরিক কমিটির (টিআইবি) জেলা সভাপতি শাহাবুদ্দিন জানান, মহাজোট সরকারের নির্বাচনী ওয়াদা পূরণে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এটি একটি দুঃসাহসিক পদক্ষেপ ছিল। এ প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের কর্মসংস্থানের মেয়াদ শেষে সেই আগের মতোই বেকার হতে হচ্ছে। এতে তাঁদের মধ্যে নতুন করে হতাশার সৃষ্টি হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট অনেকে জানান, এ কর্মসূচির প্রশিক্ষণ, পরিকল্পনা, বিষয়, প্রশিক্ষক ও প্রকৃত বেকার যুবক চিহ্নিতকরণে প্রশাসনিক ও রাজনৈতিভাবে দলীয়করণ হয়েছে। প্রচুর দুর্নীতি হয়েছে।
কুড়িগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘ন্যাশনাল সার্ভিসের কর্মীরা প্রশিক্ষণকালে যথেষ্ট আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। আমাদের জনবল কম থাকায় তাঁদের দিয়ে উপকৃত হয়েছি।’
কুড়িগ্রাম জেলা তথ্য কর্মকর্তা নুরুন্নবী খন্দকার বলেন, এ কর্মসূচিতে প্রশিক্ষকদের কাজের মূল্যায়ন হয়নি। ফলে প্রশিক্ষণার্থীরা কতটুকু উপকৃত হয়েছেন, তা প্রশ্নবিদ্ধই থেকে গেছে। তা ছাড়া নানা স্বজনপ্রীতি ও দুর্নীতি হয়েছে। সরকারের সমস্ত উদ্দেশ্য ভেস্তে গেছে বলে দাবি করেন তিনি।
কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হামিদুর রহমান জানান, এটা সরকারের একটি ভালো উদ্যোগ ছিল। সঠিকভাবে চালাতে পারলে আরও ভালো ফল পাওয়া যেত।