শেষ হয় না অপেক্ষার প্রহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি সপ্তাহে নানির কোলে চড়ে হাসপাতালে আসে দেড় বছরের ছোট্ট তৃষা। মায়ের দগ্ধ মুখ দেখে ভয়ে কেঁদে ওঠে। আবার কিছুটা চিনতে পারলে কোলে যাওয়ার চেষ্টা করে। তবে মায়ের সারা শরীরের ব্যান্ডেজ আদর খাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। ভালো করে মায়ের স্নেহের পরশ না পেয়েই একসময় নানির কোলে চড়ে বাড়ি ফিরতে হয় তৃষাকে।

তৃষার মা মুনিয়া বেগম (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। গত ১১ নভেম্বর মেহেরপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেওয়া হলে ঝলসে যায় তাঁর শরীর। স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর ১৪ নভেম্বর তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এক মাস হতে চলেছে। মুনিয়া জানেন না, কখন সুস্থ হয়ে তিনি কোলে তুলে নেবেন আদরের সন্তানকে। মুনিয়ার এই কষ্ট পীড়া দিচ্ছে স্বজনদেরও।

কষ্ট আর হতাশা মেশানো কণ্ঠে মুনিয়া প্রথম আলোকে বললেন, ‘বাচ্চাডারে অনেক দিন কোলে নিতে পারি না। আদর করতে পারি না। কখন পারমু তা-ও জানি না।’

মুনিয়ার মতো এ হাসপাতালের বেডে শুয়ে থাকা অনেকেই দ্রুত প্রিয়জনের কাছে ফেরার প্রতীক্ষায় দিন গুনছেন। দিন যায়-রাত আসে, তবু যেন তাদের অপেক্ষার প্রহর শেষ হতে চায় না।

ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, হরতাল-অবরোধের আগুনে পুড়ে দগ্ধ হওয়া ব্যক্তিদের মধ্যে বর্তমানে ৩০ জন বার্ন ইউনিটে ভর্তি আছেন। সাধারণত যানবাহনের আগুনের ক্ষত মারাত্মক হয়। এদের সুস্থ হতে বেশ সময়ের প্রয়োজন। অনেকেরই অস্ত্রোপচার করতে হবে। কারও আবার প্লাস্টিক সার্জারিও দরকার।

বাড়ি ফিরতে অস্থির গত ৩ নভেম্বর গাজীপুরের জয়দেবপুরে দগ্ধ হওয়া শিশু সুমি আক্তারও। একই ঘটনার শিকার তার দাদি রহিমা বেগমের মনেও সেই আকুতি। বার্ন ইউনিটে তাঁদের সঙ্গে আছেন কয়েকজন স্বজন। সুমি ও রহিমাকে নিয়ে কখন বাড়ি ফেরা হবে, তা তাঁরা জানেন না।

রহিমার জামাতা আবদুল মালেক প্রথম আলোকে বলেন, সুমির অস্ত্রোপচার হয়েছে। শনিবার রহিমার অস্ত্রোপচার হবে। তবে কখন হাসপাতাল থেকে ছাড়া হবে, চিকিৎসক সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলেননি।

খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফেরা দরকার লেগুনাচালক আল আমীনেরও। তাঁর পরিবার যে এখন অভাবের আগুনে পুড়ছে! গত ৪ নভেম্বর রাতে দুর্বৃত্তরা লালবাগের আজিমপুরে তাঁর লেগুনায় আগুন দেয়। বার্ন ইউনিটে আল আমীনের সঙ্গে আছেন মা মমতাজ বেগমসহ কয়েকজন আত্মীয়। মমতাজ প্রথম আলোকে বলেন, ‘আল আমীনের বাবা রিকশা চালায়। ছেলের এ ঘটনার পর তা-ও করতে পারতেছে না। খুব কষ্টে চলতাছে সংসারডা। কবে আমার ছেলে সুস্থ অইব জানি না।’

কখন সেরে উঠে কাজে যোগ দেবেন, তার কোনো নিশ্চয়তা নেই। তাই কিছুটা সুস্থ বোধ করায় বিছানায় শুয়েই ফোনে যোগাযোগ করে সংসার চালানোর টাকা জোগাড়ের চেষ্টা করছেন রেন্ট-এ-কার মাইক্রোবাসের চালক হারুনুর রশিদ। গত ৯ নভেম্বর রাতে ময়মনসিংহ জেলা স্কুল মোড়ে তাঁর গাড়িতে আগুন দেওয়া হয়।

আরও কয়েকজন দগ্ধ রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা হয়। জ্বালাপোড়ার দুঃসহ যন্ত্রণা, অন্য রোগীদের হূদয় মোচড়ানো কাতরানি আর ব্যান্ডেজে মোড়া বিকৃত মানবশরীরের অসহনীয় পরিবেশ থেকে রেহাই পেতে উদগ্রীব সবাই। সবাই দ্রুত সুস্থ হয়ে ঘরে ফেরার সময় গুনে চলেছেন।

চিকিৎসকেরা বলছেন, চিকিৎসার জন্য যতক্ষণ প্রয়োজন ততক্ষণ স্পর্শকাতর এ দগ্ধ রোগীদের হাসপাতালে থাকতে হবে। ইতিমধ্যে বেশ কয়েকজনকেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাড়িতেও তাঁদের দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। আবার ভয়ংকর পরিস্থিতিতে দগ্ধ হওয়ায় তাঁদের মনের ওপরও নেতিবাচক প্রভাব পড়েছে। তাই তাঁদের মনস্তাত্ত্বিক চিকিৎসারও দরকার।