শেষ হয়নি ফসল রক্ষা বাঁধের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়সীমার পর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ এখনো শেষ হয়নি। ফলে আগাম বন্যার পানি থেকে বোরো ফসল রক্ষা নিয়ে কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সুনামগঞ্জ কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্র সোনার থাল, ধানকুনিয়া, জয়ধনা, গোরাডোবা, কাইলানী, সোনামড়ল, গুরমা ও গুরমার বর্ধিতাংশের (হলদি ও শালদিঘা) হাওর বাঁধের ভাঙা বন্ধকরণ ও বাঁধ মেরামতের জন্য ৪০টি প্রকল্পের বিপরীতে ২ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
গত বছরের ১৫ ডিসেম্বর কাজ শুরু হয়ে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) নাম দাখিলে বিলম্ব ও হাওরের পানি দেরিতে নামার অজুহাতে কাজ শুরু হয় চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে।
প্রতিটি প্রকল্পকাজে সাইনবোর্ড টাঙিয়ে বরাদ্দ ও প্রকল্প চেয়ারম্যানের নাম উল্লেখ থাকার কথা থাকলেও বেশির ভাগ প্রকল্পকাজে এখনো সাইনবোর্ড টাঙানো হয়নি।
কয়েকজন কৃষক জানান, পাউবোর লোকজনের গাফিলতিতে ফসল রক্ষা বাঁধের কাজ যেনতেনভাবে করা হচ্ছে। ফলে পানির তোড়ে বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকে পড়বে। সংশ্লিষ্ট ব্যক্তিদের গাফিলতির কারণে প্রতিবছরই কোনো না কোনো হাওরের ফসল পানিতে তলিয়ে যায়।
গত সোম ও মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, চন্দ্র সোনার থাল হাওরের জানিয়ারচর গ্রামের সামনে মুগরাইন বাঁধে এখনো মাটি ফেলা হয়নি।
ওই প্রকল্পকাজের চেয়ারম্যান ও জয়শ্রী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নিশী কান্ত সরকার বলেন, ‘এই বাঁধের আরেক অংশে কাজ করানো হচ্ছে। আগামীকাল (গত বুধবার) থেকে মুগরাইন বাঁধে কাজ শুরু হবে।’ কিন্তু গতকাল শনিবার পর্যন্ত কাজ শুরু হয়নি।
একই হাওরের মাহমুদ নগর গ্রামের সামনে কাটাখালী ফসল রক্ষা বাঁধে সামান্য মাটি ফেলা হয়েছে। সেখানে হারুন মিয়া নামের এক শ্রমিক মাটি সমতলের কাজ করছেন। এ ব্যাপারে প্রকল্পের চেয়ারম্যান (ইউপি সদস্য) জ্যোস্না বেগমের কাছে জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন জানান, চন্দ্র সোনার থাল হাওরটি জেলার সবচেয়ে নিচু হাওর। কাজ এখনো পুরো শেষ হয়নি। বাঁধে তো সাইনবোর্ড নেই—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার ইউনিয়নের চন্দ্র সোনার থাল,
জয়ধনা ও ধানকুনিয়া—এই তিনটি হাওরের ১১টি প্রকল্পেরই সাইনবোর্ড রয়েছে। চুরি হয়ে যাওয়ার ভয়ে সাইনবোর্ড টাঙানো হয় না। পাউবোর লোকজন এলে সেটি এখানে নিয়ে আসা হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, ‘বাঁধের কাজ দ্রুত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমি পাউবোর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলব।’ সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সাঈদ আহম্মদ বলেন, ফসল রক্ষা বাঁধের কাজে কোনো অনিয়ম হচ্ছে না। সময়সীমা বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। মুগরাইন বাঁধের কাজ কেন যে শুরু হয়নি, সে ব্যাপারে খোঁজ নেওয়া হবে।
স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন জানান, এখানকার কৃষকেরা হাওরের বোরো ফসলের ওপর নির্ভরশীল। বাঁধের কাজ নিয়ে যারা নয়ছয় করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।