শেষ হলো ঈশ্বরদীর চরগড়গড়ি মঙ্গল উৎসব
পাবনার ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ি গ্রামে কবি মজিদ মাহমুদের ৫০তম জন্মবার্ষিকী ও তিন দিনব্যাপী ‘চরগড়গড়ি মঙ্গল উৎসব’ গত শনিবার রাতে শেষ হয়েছে। বৃহস্পতিবার পয়লা বৈশাখে এ উৎসব শুরু হয়।
উৎসব উপলক্ষে কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ও উন্নয়নকর্মীদের মিলনমেলায় প্রাণবন্ত হয়ে ওঠে চরগড়গড়ি গ্রাম। শনিবার রাতে মুক্ত আড্ডা, কথা, কবিতা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি মুহম্মদ নুরুল হুদা, হাবীবুল্লাহ্ সিরাজী, নাসির আহমেদ, কথাসাহিত্যিক জাকির তালুকদার, কামরুল ইসলাম, আরিফুল হক কুমার, শিবলী মোক্তাদির, নাহিদা আশরাফী, হানিফ রাশেদিন, হিরণ্ময় মিশুক, সোহাগ সিদ্দিকী, তারেক রেজা, হিমেল বরকত, জাহিদ সোহাগ, কাজল রশিদ, আল মাকসুদ, কাজী নাসির মামুন ও প্রতীক মাহমুদ প্রমুখ।
পাবনা সাংস্কৃতিক পরিষদ, ঢাকা রাইটার্স ক্লাব, বৌটুবানী পাঠশালা ও ওসাকা যৌথভাবে ওই উৎসবের আয়োজন করে। এবারই প্রথম ঈশ্বরদীর প্রত্যন্ত ওই অঞ্চলে নববর্ষ উপলক্ষে চরগড়গড়ি মঙ্গল উৎসব ও কবি মজিদ মাহমুদের ৫১তম জন্মদিন পালন করা হয়। এখন থেকে প্রতিবছর পয়লা বৈশাখ থেকে তিন দিনব্যাপী চরগড়গড়ি মঙ্গল উৎসব উদ্যাপন করা হবে।
তিন দিনের আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, কবিতা পাঠ, গান, লাঠিখেলাসহ বাঙালির নানা ঐতিহ্যবাহী অনুষ্ঠান। শেষ দিন শনিবার বিকেলে কেক কেটে ও মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে কবি মজিদ মাহমুদের জন্মদিন পালন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক আখতারুজ্জামান আখতার। শুভেচ্ছা বক্তব্য দেন পাবনা জেলার প্রবীণ সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক শিবজিত নাগ। পরে অতিথিরা কবি মজিদ মাহমুদের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন ও আবৃত্তি পরিবেশন করেন।