শেষ হলো এনডিএফ বিডি বিতর্ক উৎসব
‘হৃদয় বলছে...ঐ তো যুক্তির ভোর’ স্লোগানে সহস্র কণ্ঠের মুখরতা আর তারুণ্যের জয়গানে শেষ হয়েছে ‘নর্দান ইউনিভার্সিটি নবম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উৎসব, ২০১৬’। ২৪ ও ২৫ জানুয়ারি শিশু একাডেমীতে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) আয়োজনে দেশের বাংলা ও ইংরেজি মাধ্যমের স্কুল, কলেজ, মেডিকেল কলেজ ও মাদ্রাসার দুই হাজার শিক্ষক ও শিক্ষার্থী উৎসবে অংশ নেন।
বর্ণাঢ্য শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান, শিশু বিতর্ক, এনডিএফ বিডি ফরমেট বিতর্ক, গ্লোবাল বিতর্ক, প্ল্যান চ্যাট বিতর্ক, ওয়ার্ল্ডস ফরমেট বিতর্ক, আঞ্চলিক বিতর্ক, বিতর্কের ওপর কর্মশালা, স্কুল বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা, মিট দ্য সেলিব্রিটি, সাংস্কৃতিক সন্ধ্যা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। আরও ছিলেন ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইশতেয়াক আহম্মেদ চৌধুরী, নর্দান ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর আনোয়ারুল করিমসহ বিশিষ্ট ব্যক্তিরা।
উৎসবে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং রানার্সআপ হয় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান এ কে এম শোয়েব বলেন, বাংলাদেশে মেধাবী আর তারুণ্যের এই মিলনমেলার উৎসব ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে। বিজ্ঞপ্তি।