শেষ হলো কৃষিপ্রযুক্তি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কোনো কোনো রাজনৈতিক দল দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। তবে এসব বাধা অতিক্রম করেই বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হবে। গতকাল শনিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের কৃষিপ্রযুক্তি মেলার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়া, আয়োজিত এই মেলার সমাপনী দিনে ১৯টি দেশের ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে সেরা স্টলের পুরস্কার দেওয়া হয় বাংলাদেশি প্রতিষ্ঠান এসিআই লিমিটেডকে। দ্বিতীয় স্থান পাওয়া দুই প্রতিষ্ঠান হলো বুইলার বাংলাদেশ ও চিক অ্যান্ড ফিডস। তৃতীয় স্থানের পুরস্কার পাওয়া প্রতিষ্ঠান দুটি হচ্ছে মাহতাব করপোরেশন ও গ্রিনল্যান্ড টেকনোলজি। দেশে ষষ্ঠবারের হওয়া এই মেলা অনুষ্ঠিত হলো।
তোফায়েল আহমেদ বলেন, এ বছর বাংলাদেশ ৩৪ বিলিয়ন ডলারের পণ্য বিদেশে রপ্তানি করবে। ’৭২ সালে দেশের জিডিপিতে কৃষির অবদান ছিল ৭৮ শতাংশ। বর্তমানে কৃষির এই অবদান ১৫ শতাংশ। বাকিটা শিল্প ও সেবা খাতের অবদান। সরকার গভীর সমুদ্রবন্দর, এলএনজি টার্মিনাল, পদ্মা সেতুর মতো বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে। দেশের কৃষি খাতেও উন্নত প্রযুক্তি ব্যবহারের জন্য উদ্যোক্তাদের তিনি আহ্বান জানান।
মেলার সমাপনী দিনে আরডিএর মহাপরিচালক এম এ মতিন বলেন, দেশের বড় বড় প্রকল্পের পানি ব্যবস্থাপনার কাজগুলো আরডিএর প্রযুক্তি ব্যবহার করে অনেক কম খরচে করা সম্ভব হচ্ছে। সরকারের সহযোগিতা নিয়ে রংপুর ও জামালপুরে আরডিএর আরও দুটি শাখা গড়ে তোলা হচ্ছে বলেও তিনি জানান।
সমাপনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব প্রশান্ত কুমার রায়। এ ছাড়া বেসরকারি খাতের উদ্যোক্তারাও এতে বক্তব্য দেন।