শেষ হলো চুয়াডাঙ্গায় সাংস্কৃতিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত দিনব্যাপী অরিন্দম সাংস্কৃতিক উৎসবের শেষ দিনে গতকাল চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে পরিবেশিত হয় ঢাকা শিল্পকলা একাডেমির নাটক মুল্লুক l ছবি: প্রথম আলো
সাত দিনব্যাপী অরিন্দম সাংস্কৃতিক উৎসবের শেষ দিনে গতকাল চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে পরিবেশিত হয় ঢাকা শিল্পকলা একাডেমির নাটক মুল্লুক l ছবি: প্রথম আলো

ঢাকা জেলা শিল্পকলা একাডেমির নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে গতকাল সোমবার চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী অরিন্দম সাংস্কৃতিক উৎসবের সফল সমাপ্তি হয়েছে। উৎসবের দিনগুলোতে মুখর ছিল জেলা শিল্পকলা একাডেমি চত্বর। সন্ধ্যার পরপরই একাডেমির মুক্তমঞ্চে গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও বিষয়ভিত্তিক আলোচনা এবং রাতে ছিল নাটকের উন্মুক্ত আয়োজন।
অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের ৩০ বছর পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। উৎসব চলাকালে প্রতিদিন শিল্পকলা একাডেমির আঙিনায় ভিড় জমিয়েছিল হাজারো সংস্কৃতি ও নাট্যানুরাগী দর্শক। দীর্ঘদিন পর এমন প্রাণসঞ্চারী দৃশ্যের দেখা মিলেছিল।
‘ছন্দ তুলুক সংস্কৃতি চর্চা—বিনাশ হবেই সাম্প্রদায়িকতা’ স্লোগানে শুরু হওয়া এবারের উৎসব সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, কবি শহীদ কাদরী ও অরিন্দমের আজীবন সদস্য সাংস্কৃতিক সংগঠক ওয়ালিউর রহমানকে উৎসর্গ করা হয়েছে। সাংস্কৃতিক অঙ্গনে অবদানের জন্য সম্মাননা জানানো হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান ও বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক নজরুল ইসলাম বুলবুল এবং আলমডাঙ্গার সাংস্কৃতিক সংগঠন ‘কলাকেন্দ্র’কে। উৎসব উপলক্ষে একটি স্মারকপত্র প্রকাশ করা হয়। উৎসবে সহযোগিতায় ছিল প্রথম আলো।
উৎসবের শেষ দিনে সোমবার সন্ধ্যায় নৃত্যানুষ্ঠান ‘তা-থৈ, তা-থৈ’ এ নৃত্য পরিবেশন করেন মেহেরপুরের সোহাগ হাসান, জীবননগরের সাউদিয়া রহমান ও চুয়াডাঙ্গার ইফতেখার রহমান। এরপর নির্বাহী সদস্য আবদুল মোমিনের সভাপতিত্বে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে নাটক: সময়ের দাবি’ শীর্ষক আলোচনায় প্রধান আলোচক ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সিরাজুল ইসলাম। আলোচক ছিলেন মেহেরপুরের মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক মোহা. মোরাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আশু বাঙালি। রাতে ঢাকা জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় বাকার বকুল রচিত ও নির্দেশিত নাটক মুল্লুক মঞ্চস্থ হয়।
গত ২৫ অক্টোবর বিকেলে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উৎসবের দিনগুলোতে স্বাগতিক অরিন্দম সাংস্কৃতিক সংগঠন, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি, কুষ্টিয়ার বোধন থিয়েটার, যশোরের বিবর্তন, ঢাকা জেলা শিল্পকলা একাডেমি এবং ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুরের উজান নাট্য সংস্থা ও সোদপুর পানিহাটির সায়ুধ নাট্য সংস্থা আটটি নাটক মঞ্চায়ন করে। এ ছাড়া বাংলাদেশ ও ভারতের শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, নজরুলগীতি, হারানো দিনের গান, লালনগীতি, রবীন্দ্রসংগীত, লোকসংগীত ও নৃত্যানুষ্ঠান এবং বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়।