শেষ হলো ছাপচিত্র কর্মশালা
চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগে ঢুকে দেখা গেল মহা তোড়জোড়। ছাপচিত্র তৈরিতে তিনটি ক্লাসরুমে ব্যস্ত একদল শিল্পী। কেউ খোদাই করা কাঠে রং লাগাচ্ছেন, কেউবা সেগুলো থেকে মেশিনে ছাপ নিচ্ছেন। আবার কেউ ব্যস্ত ছবি শুকাতে।
শিল্পীদের এমন ব্যস্ততা একটি কর্মশালাকে ঘিরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাপচিত্র বিভাগ ও গ্যালারি কায়া আয়োজিত সাদাকালো ছাপচিত্র নিয়ে এ কর্মশালাটি পরিচালনা করেছেন রতন মজুমদার। নাম ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’। শুরু হয়েছিল গত ২৬ ফেব্রুয়ারি, শেষ হলো গতকাল।
ছাপচিত্র বিভাগের চেয়ারম্যান আনিসুজ্জামান বললেন, এখন ছাপচিত্রে সাদাকালোতে তেমন কাজ হয় না। শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ ও পটুয়া কামরুল হাসানের পরে সাদাকালো ছাপচিত্রে গুরুত্বপূর্ণ কাজ করেছেন রতন মজুমদার। আর সাদাকালো ছাপচিত্র নিয়ে শিল্পী রতন বললেন, সাদাকালোতেও রং আছে—কল্পনার রং। কল্পনায় যে কেউ ছবির ক্যানভাস রাঙিয়ে নিতে পারেন, এই স্বাধীনতা আছে এখানে।
কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আছেন আটজন, শিক্ষক আছেন তিনজন। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে দুজন করে আটজন শিক্ষার্থী এসেছেন। মোট ১৯ জন। তাঁরা হলেন অস্মিতা আলম, জয়া শাহরিন হক, নাজির হোসেন খান, চয়ন বিশ্বাস, দিদারুল হোসেন, ফাহমিদা আক্তার, ফয়সাল আবীর, মনিকা রেনেট, আফি আজাদ, আশরাফুল আলম, আল আমিন ইসলাম, আরিফুল ইসলাম, ফাহাদ উদ্দিন, কাওসার শিকদার, মিজানুর রহমান, মশিউর রহমান, রফিকুল ইসলাম, পলাশ শেখ, সুমন সূত্রধর। খুলনা বিশ্ববিদ্যালয়ের কাওসার শিকদার বললেন, এ কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। সবাই খুব বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখিয়েছে।