শেষ হলো জাতীয় দেয়ালপত্রিকা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বিভাগের শতাধিক স্কুল শিক্ষার্থীর অংশগ্রহণে হয়ে গেল জাতীয় দেয়ালপত্রিকা উৎসব। গতকাল শুক্রবার সমাপনী অনুষ্ঠানে পুরস্কৃত করা হয় সেরা ১০ পত্রিকাকে।
এ বছর প্রথম হয়েছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের অতঃপর, দ্বিতীয় কিশোরগঞ্জের আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের শতাব্দীর কোলাহল ও তৃতীয় হয়েছে নেত্রকোনা আদর্শ বালিকা বিদ্যালয়ের কলকণ্ঠ পত্রিকাটি।
এ উৎসবে ছিল দেয়ালপত্রিকার প্রদর্শনী। গত বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগের সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারে শুরু হয় নবম জাতীয় দেয়ালপত্রিকা উৎসব ও প্রতিযোগিতা ২০১৬। বাংলাদেশ দেয়ালপত্রিকা পরিষদের আয়োজনে এতে অংশ নেয় ২৫ জেলার শতাধিক স্কুল শিক্ষার্থী। আর সহযোগিতা করেছে আইন ও সালিশ কেন্দ্র। উৎসব উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুেণ।
বাংলাদেশ দেয়ালপত্রিকা পরিষদের সভাপতি ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিত্রশিল্পী রফিকুন নবী, অতিথি আইন ও সালিশ কেন্দ্রের সদস্য রওশন জাহান পারভীন ও শিক্ষাবিদ বেগম রাজিয়া হোসাইন। সন্ধ্যায় উৎসব প্রাঙ্গণের অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত হয় সমাপনী আলোচনা ও পুরস্কার বিতরণী।
এ আয়োজনে গতকাল সকালে ছিল সপ্তম পারফরম্যান্স ইভ্যালুয়েশন অ্যাওয়ার্ড প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। দেয়ালপত্রিকা পরিষদের সাধারণ সম্পাদক মোতাহার আখন্দ বলেন, আগামী উৎসবটি হবে দেয়ালপত্রিকার সবচেয়ে বড় ও জৌলুশপূর্ণ আয়োজন।