সাত দিন ধরে গণিত নিয়ে মেতে থাকার পর গতকাল সোমবার সকালে শেষ হয়েছে জাতীয় জুনিয়র গণিত ক্যাম্প। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উত্সব ২০১৬ ও চতুর্দশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের বিজয়ীদের মধ্য থেকে সেরা ২৬ শিক্ষার্থীকে নিয়ে ঢাকার আদাবরের আপন উদ্যোগ-এর ডরমিটরিতে গত ৮ মার্চ শুরু হয় এই আবাসিক ক্যাম্প।
এর আগে সনদ বিতরণ ও সমাপনী পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির কোষাধ্যক্ষ ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। তিনি বলেন, ‘গত কয়েক দিন এই ক্যাম্পে যে বিষয়গুলো তোমাদের পড়ানোর চেষ্টা করা হয়েছে তা তোমরা বাড়ি ফিরে গিয়ে নিয়মিত চর্চা করবে। তাহলে সামনে অলিম্পিয়াড ও পরীক্ষায় আরও ভালো করতে পারবে।’
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। তিনি প্রতিযোগীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে গিয়ে ক্যাম্পে অর্জিত জ্ঞান অন্যদের সঙ্গে বিনিময় করার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক আইএমও দলের সদস্য ও ক্যাম্প পরিচালক মুতাসিম মিম, সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়া, ক্যাম্প সমন্বয়কারী আইয়ুব সরকার প্রমুখ।
ক্যাম্পে শিক্ষার্থীদের গণিতের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আলোচনা করা হয় বিগত বছরগুলোতে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) প্রশ্নপত্র নিয়েও। এ ছাড়া ছিল ভিন্ন ধরনের পরীক্ষা। গাণিতিক মেধা ও যোগ্যতা যাচাইয়ের বিভিন্ন আয়োজনেও অংশ নেয় শিক্ষার্থীরা। শেষরাতে শিক্ষার্থীরা নিজেদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই গণিত ক্যাম্প আয়োজন করে।