শেষ হলো দুই বাংলার চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহে ১৫টি চলচ্চিত্রের প্রদর্শনী, চলচ্চিত্রবিষয়ক তিনটি সেমিনার আর আলোচনা সভার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেষ হলো দুই বাংলার চলচ্চিত্র উৎসব-২০১৫। গতকাল মঙ্গলবার উৎসবের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এবং বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ যৌথভাবে এ উৎসবের আয়োজন করে। গতকাল উৎসবের শেষ দিন সন্ধ্যায় মোরশেদুল ইসলামের চাকা, গৌতম ঘোষের প্রামাণ্যচিত্র মিটিং এ মাইলস্টোন এবং ইয়াসমিন কবিরের স্বাধীনতা প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়। সপ্তাহব্যাপী এই উৎসবে যোগ দেন বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্রকার, গবেষক ও চলচ্চিত্রপ্রেমীরা।
এর আগে বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উৎসবের সমাপনী আলোচনা সভায় সমাপনী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম এবং চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রদীপ কুমার পাণ্ডের সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি ছিলেন কথাশিল্পী অধ্যাপক হাসান আজিজুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, সহকারী ভারতীয় হাইকমিশনার সন্দ্বীপ মিত্র। সঞ্চালনায় ছিলেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মাহবুবা বর্ণী ।