শেষ হলো নবম জাতীয় বিজ্ঞান উৎসব

শিক্ষার্থীদের মধ্যে তুমুল আগ্রহ। কিছুক্ষণের মধ্যেই ঘোষণা দেওয়া হবে কার উদ্ভাবনটি সেরা। সবাই নিজেদের উদ্ভাবনের ব্যাপারে আশাবাদী। এমন টানটান উত্তেজনা ছিল গতকাল শনিবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ও ইসলামী ব্যাংক আয়োজিত তিন দিনের আন্তস্কুল ও কলেজ নবম জাতীয় বিজ্ঞান উৎসবের শেষ দিনে। এমনকি উত্তেজনা ছুঁয়ে গিয়েছিল শিক্ষার্থীদের অভিভাবকদেরও। উৎসবে সারা দেশের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিয়েছিল। উৎসব শেষে আনন্দ উচ্ছ্বাস নিয়েই বাড়ি ফিরে গেছে শিক্ষার্থীরা।
মশা বা পোকামাকড় তাড়াতে ওষুধ বা কয়েল নয়, পরিবেশবান্ধব বৈদ্যুতিক যন্ত্র আবিষ্কার করেছে ঢাকা কমার্স কলেজের দুই শিক্ষার্থী মুস্তাকিম হোসেন খান ও মুর্তজা নাফিস। এই দুই শিক্ষার্থীর উদ্ভাবিত বৈদ্যুতিক এই যন্ত্রের সাহায্যে একধরনের শব্দ উৎপন্ন হবে, যা মানুষ শুনতে পারবে না। কিন্তু পোকামাকড় বা মশারা সহ্য করতে না পেরে পালিয়ে যাবে ওই এলাকা থেকে। এই প্রকল্প দেখতে এসে নানা প্রশ্ন করছিল ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাহিক আহমেদ। রাহিক নিজেও তৈরি করেছে ‘এনার্জি জেনারেটিং পার্ক’। যে পার্কে শিশুরা যেসব খেলনা দিয়ে খেলবে সেসব খেলনা থেকেই উৎপন্ন হবে বিদ্যুৎ। কল্যাণপুর গার্লস স্কুল ও কলেজের ছাত্রী ফাতেমা তুজ জোহরা তার দল নিয়ে হাজির হয়েছিল কীভাবে সুন্দরবনের বাঘ সংরক্ষণ করা যাবে—এই প্রকল্প নিয়ে। এভাবে পরিবেশবান্ধব শহর, যানজটমুক্ত ঢাকা, পরিবেশ রক্ষার নানা প্রকল্প নিয়ে উৎসবে অংশ নিয়েছিল শিক্ষার্থীরা।
বিকেলের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন বলেন, ‘আমাদের দেশের বিজ্ঞানশিক্ষাকে উৎসাহিত করার জন্য এ ধরনের উদ্যোগের বিকল্প নেই।’ রোবট উদ্ভাবনের প্রতি গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশে রোবট তৈরির দিকে গুরুত্ব দিতে হবে। রোবট বিশ্বস্ত, ক্লান্তিহীন ও কর্মঠ। তাই বর্তমান বিশ্ব এ প্রযুক্তির দিকে ধাবিত হচ্ছে।’
বিশেষ অতিথি বিজ্ঞানী আলী আসগর বলেন, গণিত এবং মৌলিক বিজ্ঞানের ওপর আরও গুরুত্ব দিতে হবে।
সভাপতিত্ব করেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল হান্নান। তিনি বলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করার ইচ্ছা আছে। সমাপনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোশাররফ হোসেন
এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
সেরা যারা: বিজ্ঞান-বিষয়ক কুইজ প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ান হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের দল ডিআরএমসি ইনফ্লেমড ও রানার আপ হয়েছে নটর ডেম কলেজের দল এনডিসি গ্রিন। প্রকল্প বা উদ্ভাবন প্রদর্শনীতে প্রথম হয়েছে শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ ও দ্বিতীয় হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। এ ছাড়া স্ক্যাপ বুক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলিক্রস কলেজ।