শেষ হলো নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও আধুনিক সময় কৌশল প্রদর্শনের মাধ্যমে গতকাল শনিবার নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া ‘সেফ গার্ড-২০১৬’ শেষ হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যুদ্ধজাহাজ বিএনএস বঙ্গবন্ধুতে চড়ে সমাপনী দিনের এ মহড়া প্রত্যক্ষ করেন। এ সময় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চার ধাপে ১৫ দিনব্যাপী এ মহড়ার শেষ দিনে গতকাল ৫৩ যুদ্ধজাহাজ, মেরিটাইম প্যাট্রল এয়ার ক্রাফট, হেলিকপ্টার ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত নৌ কমান্ডো দল অংশ নেয়। সমুদ্র মহড়ার মাধ্যমে দেশের জলসীমার সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্রে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, গভীর সমুদ্রে উদ্ধার তৎপরতা, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, তেল-গ্যাস অনুসন্ধানের ব্লকসমূহে অধিকতর নিরাপত্তা নিশ্চিত করা ও ব্লু ইকোনমির উন্নয়নে বাংলাদেশ নৌবাহিনী আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, ১৫ দিনব্যাপী এ মহড়ায় সেনা, বিমান, কোস্টগার্ডসহ দেশের বিভিন্ন নৌসংস্থা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নেয়। মহড়ার শেষ দিনে গতকাল নৌবাহিনীর জাহাজ হতে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, বিমানবিধ্বংসী কামানের গোলাবর্ষণ ও সাবমেরিনবিধ্বংসী গোলা নিক্ষেপ করা হয়। এ ছাড়া সারফেস ফায়ারিং, হেলিকপ্টার ডেক ল্যান্ডিং, অপহৃত ব্যক্তিদের উদ্ধারের মহড়াসহ বিভিন্ন সমর কৌশল প্রদর্শন করা হয়।