শেষ হলো প্রথম আলো-জেডিসি জাতীয় বিতর্ক
শেষ হলো প্রথম আলো-জেডিসি জাতীয় বিতর্ক উৎসব-২০১৬। আজ রোববার ছিল সমাপনী দিন।
রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বিতর্কের স্লোগান ছিল ‘যুক্তির দ্রোহে লুপ্ত হোক জঙ্গিবাদের গ্লানি, ধ্বনিত হোক প্রগতির বাণী’।
সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী।

সমাপনী অনুষ্ঠানে হাসান আহমেদ চৌধুরী বলেন, বিতর্কের মাধ্যমে অন্যের যুক্তিকে যুক্তি দিয়ে পাল্টানো যায়। অন্যকে অসম্মান না করেই তার বক্তব্যকে খণ্ডন করা যায়।
এ সময় তিনি ফারাজ আইয়াজ হোসেনের নামে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের জন্য ব্রাদার পিউরিফিকেশনকে অনুরোধ জানান।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত হন ফারাজ আইয়াজ হোসেন। নিজের জীবনরক্ষার সুযোগ পেয়েও বন্ধুদের ছেড়ে আসতে রাজি হননি তিনি। পরে বন্ধুদের সঙ্গে হত্যা করা হয় ফারাজকেও।

বিতর্কের সমাপনী অনুষ্ঠানে কবি সুকান্ত ভট্টাচার্যের ‘১৮ বছর বয়স’ কবিতার উদ্ধৃতি দিয়ে মতিউর রহমান বলেন, ‘এ দেশের বুকে ১৮ নেমে আসুক। শুধু ক্রিকেট নয়, অন্যান্য ক্ষেত্রে আমরা জয় চাই। ১৮ বছরের উদ্যম দেশকে এগিয়ে নেবে। সে জন্য চাই বিতর্ক। আমরা বাংলাদেশের জয় চাই। বাংলাদেশের উন্নয়ন চাই। তাই আবারও বলছি আমাদের দেশের বুকে ১৮ নেমে আসুক।’
বক্তৃতা পর্ব শেষে বিজয়ীদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানারআপ হয়েছে ঢাকা নটর ডেম কলেজ। স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট গ্রেগরি হাইস্কুল। রানারআপ মতিঝিল গভর্নমেন্ট বয়েজ স্কুল। এ ছাড়া শিশু বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও রানারআপ ওয়াইডব্লিউসিএ।