যুক্তিতর্কে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে প্রথম আলো–জেডিসি বিতর্ক উৎ​সবের গতকাল সমাপনী দিনে বিজয়ীদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান l ছবি: প্রথম আলো
রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে প্রথম আলো–জেডিসি বিতর্ক উৎ​সবের গতকাল সমাপনী দিনে বিজয়ীদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান l ছবি: প্রথম আলো

যুক্তিতর্কের মাধ্যমে জঙ্গিবাদের গ্লানি মুছে ফেলে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে শেষ হয়েছে প্রথম আলো-জেডিসি জাতীয় বিতর্ক উৎসব ২০১৬। চার দিনব্যাপী এই উৎসবের সমাপনী দিন ছিল গতকাল রোববার।

রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এবারের উৎসবের প্রতিপাদ্য ছিল, ‘যুক্তির দ্রোহে লুপ্ত হোক জঙ্গিবাদের গ্লানি, ধ্বনিত হোক প্রগতির বাণী’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন। অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার ক্ষেত্রে এবং দেশ গড়ার জন্য বিতর্কের প্রয়োজন আছে। বিতর্কের মাধ্যমেই নতুন প্রজন্ম জ্ঞান অর্জন করে যাবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে অকালপ্রয়াত কবি সুকান্ত ভট্টাচার্যের ‘আঠারো বছর বয়স’ কবিতাটি পড়ে শোনান। আবৃতি শেষে তিনি শিক্ষার্থীদের কাছে জানতে চান, কেমন এই কবিতা? উত্তরে শিক্ষার্থীরা হাততালি দিয়ে প্রতিক্রিয়া জানায়। এরপর তিনি বলেন, ‘প্রথম আলোর বয়স আঠারো। আমরা পরিবর্তন চাই, নতুন কিছু চাই। সে জন্য চাই বিতর্ক। সে জন্য কবির সুরে বলছি, আমাদের দেশের বুকে আঠারো নেমে আসুক।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী সেন্ট যোসেফের অধ্যক্ষকে ফারাজ আইয়াজ হোসেনের নামে নিয়মিত বিতর্ক অনুষ্ঠান আয়োজনের অনুরোধ জানান। তিনি বলেন, একমাত্র বিতর্কের মাধ্যমে অসম্মান না করেই প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। সে জন্য অস্ত্রের প্রয়োজন হয় না।

সবশেষে বিতর্কে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মতিউর রহমান। এবার কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছে ঢাকা নটর ডেম কলেজ। স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট গ্রেগরি হাইস্কুল, রানার্সআপ মতিঝিল গভর্নমেন্ট বয়েজ স্কুল। এ ছাড়া শিশু বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং রানার্সআপ ওয়াইডব্লিউসিএ।

প্রথম আলোর সহযোগিতায় এই বিতর্ক উৎসবের আয়োজন করেছে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের যোসেফাইট ডিবেটিং ক্লাব (জেডিসি)। ষষ্ঠবারের মতো আয়োজিত এবারের উৎসবে আন্তস্কুল, আন্তকলেজ ও শিশু বিভাগে সারা দেশের ৬৪টি দল অংশ নিয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন জেডিসির মডারেটর নেওয়াজুল কবির।