চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শেষ হয়েছে তিন দিনব্যাপী প্রথম আলো তারুণ্য উৎসব। চুয়েটের বিতর্কবিষয়ক সংগঠন চুয়েট ডিবেটিং সোসাইটির উদ্যোগে উৎসবের শেষ দিনে গতকাল শনিবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় বাংলাদেশ টেক্সটাইল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিতর্ক সংগঠন বুনন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিতর্ক সংঘ। এতে বুটেক্স চ্যাম্পিয়ন হয়।
বিকেলে কেন্দ্রীয় মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ফারুক উজ জামান। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আরামিট গ্রুপের বিক্রয় ও বিপণনবিষয়ক সহকারী মহাব্যবস্থাপক মীর মঈনুদ্দিন আহমদ। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
বাংলাদেশি মানব পাচারকারী লিবিয়ায় গ্রেপ্তার
বাসস
চাকরির প্রলোভন দেখিয়ে লিবিয়ায় ৩৭ স্বদেশি ও অন্যদের পাচারের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে লিবিয়ার পুলিশ।
গতকাল শনিবার ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, বৃহস্পতিবার ত্রিপোলির পুলিশ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় সুজন নামে একজনকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি নোয়াখালীতে। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ থেকে লিবিয়ায় মানব পাচার করে তাঁদের পরিবার থেকে বিপুল পরিমাণ টাকা আদায় করছেন।
লিবিয়ার ঘারিয়ান শহরের ‘আল হামরা’ ডিটেনশন সেন্টারে আটক ৩৭ জন বাংলাদেশির অবস্থা পরিদর্শনে গিয়ে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সুজন সম্পর্কে জানতে পারেন। লিবিয়ার পুলিশ ৮ নভেম্বর ওই ৩৭ জনকে আটক করে।