শেষ হলো প্রাণঘাতী নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬
ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬

নজিরবিহীন সহিংসতা, প্রাণহানি, বিশৃঙ্খলা ও জাল ভোটের মধ্য দিয়ে শেষ হলো ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। ভোট গ্রহণের শেষ ধাপে গতকাল শনিবার নোয়াখালী, ফেনী, ময়মনসিংহ ও সুনামগঞ্জে সহিংসতায় চারজন নিহত হয়েছেন। বিভিন্ন জেলায় সংঘর্ষে আহত হয়েছেন কয়েক শ ব্যক্তি। এ ছাড়া পাবনায় গত ২৮ মে পঞ্চম ধাপের ভোটের দিন সহিংসতায় আহত একজন গতকাল মারা গেছেন। পর্যবেক্ষকেরা বলছেন, এটি দেশের ইতিহাসের সবচেয়ে বেশি সংঘাতপূর্ণ ও প্রাণঘাতী নির্বাচন।
গত ফেব্রুয়ারিতে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর সংঘর্ষের শুরু মার্চে। গতকাল পর্যন্ত নিহত লোকের সংখ্যা দাঁড়ায় ১০৮। আহত হয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ।
তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ দাবি করেছেন, কিছু অনিয়ম ও গুটি কয়েক মারামারি ছাড়া সার্বিকভাবে এবারের ভোট শান্তিপূর্ণ হয়েছে। গতকাল শেষ ধাপের নির্বাচন শেষে বিকেলে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।
নির্বাচন কমিশনের হিসাবে, প্রথম পাঁচ ধাপে আওয়ামী লীগের প্রার্থী ২ হাজার ২৪২টি ইউনিয়নে জয় পেয়েছেন। বিএনপি জয়ী হয়েছে ৩০৫টিতে আর স্বতন্ত্র (বিদ্রোহীসহ) ১ হাজার ৩৭৬।
২২ মার্চ প্রথম ধাপে ভোটের দিন নিহত হন ১১ জন। ৩১ মার্চ দ্বিতীয় ধাপে মারা যান ৮ জন। ২৩ এপ্রিল তৃতীয় ধাপের নির্বাচনের দিন তুলনামূলক কম, ১ জন নিহত হন। ৭ মে চতুর্থ ধাপের নির্বাচনের সময় প্রাণহানি ঘটে ৬ জনের। ২৮ মে পঞ্চম ধাপের নির্বাচনের দিন মারা যান ১০ জন এবং সর্বশেষ গতকাল ষষ্ঠ ধাপে প্রাণহানি ঘটে ৫ জনের।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ারও রেকর্ড গড়েছে প্রাণঘাতী এ নির্বাচন। এবার ২০০ জনেরও বেশি চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এঁদের প্রায় সবাই সরকারদলীয়।
নির্বাচনে প্রথম থেকেই সরকারদলীয় সাংসদ ও প্রশাসনের লোকজন, বিশেষ করে পুলিশ কর্মকর্তারা আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে প্রভাব বিস্তার করেছিলেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েন চলছে।
প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ রাখতে গিয়ে হিমশিম খেতে হয়েছে নির্বাচন কমিশনকে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের ওপর কর্তৃত্ব স্থাপন করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। গুটি কয়েক পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রত্যাহার এবং সাতক্ষীরার এসপি ও পাঁচ ওসিকে ডেকে এনে ভর্ৎসনা করা ছাড়া আর কোনো কঠোর ব্যবস্থা নিতে পারেনি কমিশন। তবে বরগুনার সাংসদ শওকত হাচানুর রহমানের বিরুদ্ধে মামলা, রাজশাহীর সাংসদ এনামুল হক ও ওমর ফারুক চৌধুরী, শেরপুরের হুইপ আতিউর রহমানকে সতর্ক করা এবং সর্বশেষ চট্টগ্রামের বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করে কিছুটা ক্ষমতার প্রয়োগ করেছে কমিশন।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, ইউপি নির্বাচন দেখিয়ে দিল যে দেশের নির্বাচনীব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন ভেঙে পড়েছে। পুরো নির্বাচনী প্রক্রিয়ার প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ ছিল না কমিশনের। তিনি বলেন, এটা চরম বিতর্কিত, নজিরবিহীন, সহিংসতাপূর্ণ ও কারচুপির নির্বাচন হয়েছে। কিন্তু ইতিবাচক দিক হলো, অবশেষে নির্বাচন শেষ হয়েছে।
বেসরকারি সংস্থা ব্রতী ষষ্ঠ ধাপের নির্বাচন নিয়ে পর্যবেক্ষণে বলেছে, নির্বাচন কমিশনের সহিংসতা প্রতিরোধে কঠোর বার্তা থাকলেও ভোটের দিনের পরিবেশে প্রত্যাশিত মাত্রায় উন্নতি দেখা যায়নি। কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সক্রিয় দেখা গেছে।
ব্রতীর পর্যবেক্ষণে আরও বলা হয়, নির্বাচনী সহিংসতায় শতাধিক প্রাণহানি, অনিয়ম ও গোলযোগের কারণে নির্বাচনের ব্যাপারে সাধারণ জনগণের মধ্যে অনাস্থার সৃষ্টি হয়েছে। এই অনাস্থার কারণে তৃণমূল পর্যায়ে ক্ষমতার ভারসাম্যহীনতা তৈরি হতে পারে। অশুভ শক্তির প্রভাবে গণতন্ত্র বিপন্ন হতে পারে।
ঢাকার বাইরের থেকে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
পাঁচজনের প্রাণহানি: নোয়াখালী সদরের নেয়াজপুর ইউনিয়নের ভোলানগর মোহাম্মদিয়া ইবতেদায়ি মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে ইয়াছিন আরাফাত (২৪) নামে একজন নিহত হয়েছেন। তাঁর বাড়ি ভোলানগর গ্রামে। এ ছাড়া সদর উপজেলার ১০টি ইউনিয়নে ধারালো অস্ত্রের আঘাতে ও পিটুনিয়ে আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।
সুধানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ওই কেন্দ্রের বাইরে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে আরাফাত আহত হন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চর ভৈরব হাজী তোফায়েল আহমদ উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে গতকাল ভোট গ্রহণের সময় বহিরাগত সন্ত্রাসীদের হামলায় মাথায় গুলিবিদ্ধ হয়ে নূর হোসেন শিপন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। স্থানীয় ব্যক্তিরা বলছেন, নিহত নূর হোসেনও বহিরাগত ছিলেন।
হামলায় দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, দুজন পোলিং কর্মকর্তা ও তিনজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় নূর আলম নামের একজনকে আটক করা হয়েছে। বেলা পৌনে একটার দিকে এই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।
ময়মনসিংহের গফরগাঁওয়ের পুকুরিয়া এলাকায় পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতকাল দুপুরে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের মধ্যে পড়ে শাহজাহান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গত ২৮ মে পঞ্চম ধাপে নির্বাচনের দিনে পাবনার ঈশ্বরদীর সাহাপুরের বাবুলচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই ইউপি প্রার্থীর মধ্যে সহিংসতায় আহত আওয়ামী লীগের কর্মী সিরাজুল ইসলাম ওরফে কালু শাহ (৪০) গতকাল দুপুরে মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুলের মৃত্যু হয় বলে জানিয়েছেন তাঁর চাচা ইয়ারুল শাহ।
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামে গতকাল বিকেলে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কোহিনূর চৌধুরী (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার বেখইজোড়া গ্রামে। সংঘর্ষে আহত হয়েছেন আরও ১০ জন।
এলাকাবাসী বলেন, পাইকুরাটি ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডে সদস্যপদে সামছুল হক চৌধুরী ও তৌফিক আহমেদ নির্বাচন করেন। ভোট গণনা শেষে সামছুল হক চৌধুরী বিজয়ী হয়েছেন—এমন খবর ছড়িয়ে পড়লে তৌফিক আহমেদের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সামছুল হকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। এ সময় দুই পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। অচেতন অবস্থায় কোহিনূর চৌধুরীকে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আরও সহিংসতা: বগুড়া সদরের এরুলিয়া ইউপি নির্বাচনে ছয়টি কেন্দ্রে ব্যালটে প্রার্থীর নাম ছাপায় ভুল হওয়ায় ভোট গণনা স্থগিত করা হয়েছে। এর প্রতিবাদে গতকাল বিকেল সোয়া পাঁচটা থেকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার চারমাথা বাস টার্মিনাল এলাকার মহাসড়ক অবরোধ করেছেন একজন স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা। পরে নির্বাচন কমিশন পাঁচটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে।
নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউপি নির্বাচনে পরাজিত সদস্য প্রার্থী সুরজ মোল্লার সমর্থকেরা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেছেন গতকাল রাতে। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। এতে ১১ জন পুলিশ ও তিনজন আনসার সদস্য আহত হয়েছেন।
কিশোরগঞ্জের চারটি ইউনিয়নের ভোট গ্রহণের সময় সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। এর মধ্যে কমিরগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের ভাটিয়ে উচ্চবিদ্যালয় কেন্দ্রে থেকে ৩০০ ব্যালট পেপার ছিনিয়ে নেয় আওয়ামী লীগের লোকজন।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকারিদা ইউপি নির্বাচনে জাল ভোটের কারণে তিনজন ভোট গ্রহণ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। জরিমানা করা হয়েছে আওয়ামী লীগ প্রার্থীর এজেন্টকে। আটক করা হয়েছে ১১ জনকে।
চট্টগ্রামের সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নে ব্যালট পেপার ছিনতাই, গুলি ও ককটেল বিস্ফোরণ এবং সংঘর্ষের মধ্য দিয়ে গতকাল ভোট হয়। সহিংসতায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। ১৭ জনকে আটক করেছে পুলিশ। অনিয়মের কারণে এওচিয়া, ঢেমশা ও পশ্চিম ঢেমশা ইউনিয়নের তিনটি ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
জেলার আনোয়ারায় সহিংসতার মধ্য দিয়ে ১০টি ইউনিয়নে ভোট গ্রহণ হয়েছে। উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামে আওয়ামী লীগের কর্মীরা হামলা চালিয়ে একটি বাড়িতে অগ্নিসংযোগ ও পাঁচটি বাড়িতে ভাঙচুর চালান।
নেত্রকোনার কেন্দুয়ার মোজাফরপুর ইউনিয়নে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সহিংসতায় একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ ছাড়া চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন।
শেরপুরের শ্রীবরদী উপজেলার চারটি ইউনিয়নে ভোট গ্রহণের সময় সংঘর্ষ ও পুলিশের গুলি বর্ষণে আহত হয়েছেন ১৫ জন।
রাজশাহীর পবার পারিলা ইউনিয়নে পারিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষের সময় একজন গুলিবিদ্ধ হয়েছেন। আধঘণ্টা ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ছিল।