শেষ হলো বই পড়ার পুরস্কার বিতরণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোমবাতি জ্বালিয়ে সমবেত কণ্ঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটির মধ্য দিয়ে শেষ হয় বিশ্বসাহিত্য কেন্দ্রের দুই দিনের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠান l ছবি: প্রথম আলো
মোমবাতি জ্বালিয়ে সমবেত কণ্ঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটির মধ্য দিয়ে শেষ হয় বিশ্বসাহিত্য কেন্দ্রের দুই দিনের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠান l ছবি: প্রথম আলো

উৎসবমুখর পরিবেশে শেষ হলো বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত দুই দিনের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী। গতকাল শনিবার সমাপনী দিনে রাজধানীর রমনা উদ্যানের বটমূলে ঢাকা মহানগরের ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৫ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।
ঢাকা মহানগরে ২০১৪ সালে ৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী বইপড়া কর্মসূচিতে অংশ নেয়। শুক্রবার সকাল ও বিকেলে দুই পর্বে বিজয়ী ৪ হাজার ৮৭ জনকে পুরস্কার দেওয়া হয়। এবার দুই দিনে মোট ৬ হাজার ৯২ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হলো। এই আয়োজনে সহায়তা দিয়েছে গ্রামীণফোন। বিশ্বসাহিত্য কেন্দ্র ৩৬ বছর ধরে স্কুল ও কলেজপর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বইপড়া কর্মসূচি চালিয়ে আসছে।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, স্থপতি ও মুক্তিযোদ্ধা মোবাশ্বের হোসেন, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শাহিন আনাম, নাট্যজন খায়রুল আনাম ও জাদুশিল্পী জুয়েল আইচ।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, বই পড়ার আনন্দ অতুলনীয়। বই মানুষের চিত্ত বিকাশের অন্যতম মাধ্যম। বই আলো ও অন্ধকারের মধ্যে পার্থক্য করতে শেখায়। তাই মনের অন্ধকার দূর করতে হলে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
আলোচনার পর হয় পুরস্কার বিতরণ। সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে সমবেত কণ্ঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।