শেষ হলো বাজেট অধিবেশন
জাতীয় সংসদের ১১তম অধিবেশন গতকাল বুধবার শেষ হয়েছে। সমাপনী দিনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের সমাপ্তিসংক্রান্ত রাষ্ট্রপতির ঘোষণা পড়ে শোনান।
এই অধিবেশনে চলতি ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পাস হয়েছে। বাজেটের ওপর সরকারি ও বিরোধী দলের ২৪৬ জন সাংসদ ৬০ ঘণ্টা আলোচনা করেন। গত ১ জুন এই অধিবেশন শুরু হয়। মাঝে ঈদের ছুটিতে কিছুদিন বিরতি দিয়ে চলতি মাসের ১৭ তারিখে আবার অধিবেশন শুরু হয়।
অধিবেশনে বাজেট আলোচনার পাশাপাশি সাংসদেরা আর্থিক ব্যবস্থাপনা ও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে সরব ছিলেন। বিরোধীদলীয় সদস্যরা আর্থিক অব্যবস্থাপনার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা করেও বক্তব্য দেন। বাজেট প্রস্তাবের দিন ও এরপর ২১ জুলাই বাংলাদেশ থেকে রিজার্ভ চুরি বিষয়ে অর্থমন্ত্রী সংসদে বিবৃতি দেবেন বলে জানালেও শেষ পর্যন্ত তা দেননি।
এ ছাড়া ১ জুলাই রাজধানীর গুলশানে ও ঈদের দিন শোলাকিয়ায় জঙ্গি হামলাসহ বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলা নিয়ে সংসদে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, ৩২ কার্যদিবসের এই অধিবেশনে মোট ১৬টি বিল পাস হয়।
বিল পাস: বাংলাদেশের জীববৈচিত্র্য রক্ষায় সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে গতকাল সংসদে বাংলাদেশ জীববৈচিত্র্য বিল, ২০১৬ উত্থাপিত হয়েছে। বিলটি সংসদে উত্থাপন করেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন।
পরে বিলটি পরীক্ষা করে এক মাসের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।