শেষ হলো বিইউপির ক্যারিয়ার মেলা
অনলাইন ক্যারিয়ার পোর্টাল চাকরি ডটকম এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত ক্যারিয়ার ও এডুকেশন ফেস্ট গত শনিবার শেষ হয়েছে।
এতে শিক্ষার্থীদের ডিজিটাল মিডিয়া নিয়ে কথা বলেন প্রথম আলো ডিজিটালের চিফ অপারেটিং অফিসার এহতেরাম উদ্দীন। এ বিষয়ে সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে তিনি কথা বলেন এবং তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এহতেরাম শিক্ষার্থীদের ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার করার জন্য উদ্বুদ্ধ করতে গিয়ে বলেন, এ ধরনের পেশায় প্রতিদিনই নতুনত্বের পাশাপাশি থাকে চ্যালেঞ্জও, যা এ প্রজন্মের তরুণেরা উপভোগ করেন। ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার গড়তে হলে যে শুধু প্রযুক্তিগত দিকেই দক্ষ হতে হবে শিক্ষার্থীদের, এমন ভুল ধারণার কথা তুলে ধরে তিনি বলেন, এর বাইরেও ডিজিটাল মার্কেটিংয়ের অনেক কাজ আছে। ভার্চ্যুয়াল দুনিয়াতে নিজের একটি পেশাগত পোর্টফলিও রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
গত ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া ক্যারিয়ার ও এডুকেশন ফেস্টে মোট ১৭টি দেশি এবং আন্তর্জাতিক কোম্পানি অংশগ্রহণ করে এবং চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে সিভি সংগ্রহ করে। পাশাপাশি বিদেশে পড়াশোনার ক্ষেত্রে পরামর্শক দুটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে শিক্ষার্থীদের সঙ্গে ভিন্ন ভিন্ন দুটো সেমিনারে কথা বলে। গত শনিবার ৩২০ জন শিক্ষার্থীর অন-ক্যাম্পাস ইন্টারভিউয়ের মধ্য দিয়ে ওই এডুকেশন এবং ক্যারিয়ার ফেস্টের সমাপ্তি ঘটে। এই আয়োজনের সহযোগী পার্টনার হিসেবে ছিল প্রথম আলোর শুক্রবারের ক্রোড়পত্র চাকরিবাকরি।