শেষ হলো বিদ্যুৎ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৫ উদ্‌যাপন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে তিন দিনের বিদ্যুৎ মেলার আয়োজন করে বিদ্যুৎ বিভাগ। গতকাল মেলার শেষ দিনে দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন l প্রথম আলো
জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৫ উদ্‌যাপন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে তিন দিনের বিদ্যুৎ মেলার আয়োজন করে বিদ্যুৎ বিভাগ। গতকাল মেলার শেষ দিনে দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন l প্রথম আলো

জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী বিদ্যুৎ মেলা শেষ হলো আড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিদ্যুৎ বিভাগ আয়োজিত এ মেলার গতকাল শনিবার ছিল শেষ দিন। বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি মেলায় দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠান স্টল দেয়।
এ উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ। তাঁরা বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষ অবদান রাখার জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে পুরস্কার তুলে দেন। এ ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে আয়োজিত উদ্ভাবনী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নসরুল হামিদ বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সরকারের সাফল্য তুলে ধরে বলেন, আগামী দুই বছরের মধ্যেই ঘাটতি পূরণ করে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেন, বিদ্যুৎ ও জ্বালানির অগ্রগতির পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের মধ্যেই বাংলাদেশ পুরোপুরি মধ্যম আয়ের দেশে উন্নীত হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব আহমদ কায়কাউস এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব নাজিমউদ্দিন চৌধুরী। পুরস্কার বিতরণ ও বক্তৃতার ফাঁকে ফাঁকে সচেতনতামূলক নাটিকা, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন শিল্পীরা।
এ ছাড়া মেলার শেষ দিনেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আর সমাপনী উপলক্ষে অনুষ্ঠানস্থল পরিণত হয় বিদ্যুৎ ও জ্বালানিসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মিলন মেলায়।