দশম এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের চূড়ান্ত পর্বের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হলো ভাষা প্রতিযোগ কর্মশালা৷ ২৫ মে থেকে শুরু হওয়া এ কর্মশালা শেষ হয়েছে গতকাল মঙ্গলবার।
সারা দেশ থেকে মোট ৩৫ জন শিক্ষার্থী এ কর্মশালায় অংশ নেয়। ভাষা প্রতিযোগের বিজয়ীদের নিয়ে এটিই প্রথম কর্মশালা। কর্মশালার বিষয় ছিল ভাষা, সাহিত্য ও সংস্কৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারিক মঞ্জুরের তত্ত্বাবধানে বিশিষ্ট ব্যক্তিরা বিভিন্ন সেশনে অংশ নেন৷ প্রথম দিন ছিলেন কবি সাজ্জাদ শরিফ, মুনির হাসান ও জাহীদ রেজা নূর৷ দ্বিতীয় দিন অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহাম্মদ দানীউল হক, অরুণ বসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মোহাম্মদ আজম ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের উপাধ্যক্ষ ফেরদৌস আরা বেগম৷ রবীন্দ্রসংগীতে যে লুকিয়ে আছে বাংলার রত্নভান্ডার, তার পরিচয় তুলে ধরেন শিল্পী অনিমা রায়৷ রবীন্দ্রনাথের কয়েকটি গান গেয়ে শোনান তিনি৷
সবার প্রাণবন্ত অংশগ্রহণে কর্মশালাটি হয়ে ওঠে খুবই উদ্দীপক ও আনন্দময়৷ কর্মশালার দ্বিতীয় দিন সন্ধ্যায় শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়৷ এ সময় উপস্থিত ছিলেন এইচএসবিসি ব্যাংকের করপোরেট সাসটেইনেবিলিটি ম্যানেজার আবদুল্লাহ আল জুবায়ের এবং প্রথম আলোর ব্র্যান্ড অ্যান্ড অ্যাক্টিভেশন হেড অরূপ কুমার ঘোষ৷