শেষ হলো মেডিকেল শিক্ষার্থীদের সম্মেলন
আন্তর্জাতিক মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের নিয়ে ঢাকায় হয়ে গেল মেডিকেল কংগ্রেস। বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিকেল স্টুডেন্টস সায়েন্টিফিক কংগ্রেস (বিমসকন) ২০১৬ নামে এই কংগ্রেস শুক্র ও শনিবার অনুষ্ঠিত হয় ঢাকার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মনিরুল আলম। দুই দিনের এই কংগ্রেস উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালেক। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক এ বি এম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, সুদান, থাইল্যান্ড ও ফিলিপাইনের প্রায় ৭০০ মেডিকেল ও ডেন্টাল কলেজপড়ুয়া শিক্ষার্থী কংগ্রেসে অংশ নেন। দ্বিতীয়বারের মতো আয়োজিত বিমসকনে এ বছর চিকিৎসাবিষয়ক কর্মশালা, প্রবন্ধ আলোচনা, বিষয়ভিত্তিক কুইজ, অলিম্পিয়াড, বিভিন্ন প্রতিযোগিতাসহ নানা আয়োজন ছিল।
বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, পাবলিক হেলথ ফাউন্ডেশন, সোসাইটি অব ইমারজেন্সি মেডিসিন, জেপিজি স্কুল অব পাবলিক হেলথ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা কর্মশালা পরিচালনা করেন। বিমসকন আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইএফএমএসএ) নামে একটি সংগঠন।