শেষ হলো যুক্তি খণ্ডনের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের ওপর পরীক্ষা চাপিয়ে দিলে সৃজনশীলতা রুদ্ধ হয়—নির্ধারিত বিষয়ে এক পক্ষ যখন এই যুক্তি দেখাচ্ছে, তখন আরেক পক্ষ বলছে, পরীক্ষাপদ্ধতি কখনো সৃজনশীলতায় বাধা হয় না। এভাবেই একে অপরকে যুক্তিতে ঘায়েল করতে থাকে। শেষে যুক্তি দিয়েই জয়ী হয় এক পক্ষ; আরেক পক্ষ হেরে যায়।
রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে গতকাল শনিবার ‘প্রথম আলো-আরডিএস’ সপ্তম জাতীয় বিতর্ক উৎসবের শেষ দিনে এভাবেই জমে ওঠে যুক্তি খণ্ডনের খেলা। রেমিয়েন্স ডিবেটিং সোসাইটি আয়োজিত এই উৎসবে টাইটেল স্পনসর ছিল প্রথম আলো। এতে ঢাকাসহ দেশের প্রায় ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল হান্নান বলেন, বিতর্কের মধ্য দিয়ে আরও আত্মবিশ্বাসী হওয়া যায়। তাই নিয়মিত বিতর্কচর্চা থাকা উচিত।
বিশেষ অতিথির বক্তব্যে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, যুক্তির শক্তি অস্ত্রের শক্তির চেয়েও বেশি। আজকের বিশ্ব হচ্ছে জ্ঞানভিত্তিক বিশ্ব, যেখানে তথ্যই গুরুত্বপূর্ণ বিষয়। আর যার তথ্য বেশি, সে তত যুক্তি প্রতিষ্ঠা করতে পারবে।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের উপাধ্যক্ষ নিশাত জাহান।
চ্যাম্পয়িন যারা: চার ধরনের প্রতিযোগিতার মধ্যে ক্লাব পর্যায়ে চ্যাম্পিয়ন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। এই সোসাইটির তিন বিতার্কিক হলেন মাহবুবুল ইসলাম, ইতহার আদিব রহমান ও আয়মান সাকিব নুহাশ। এই পর্বে রানারআপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব। স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় সেন্ট গ্রেগরি হাইস্কুলের জেরাল্ড গ্রুপ। এই গ্রুপের তিন বিতার্কিক হলো রাফিউল হক, মশিউর রহমান ও ইশহাক ইবতিদা। এই পর্বে রানারআপ হয়েছে একই স্কুলের জুড গ্রুপ।
শিশু বিতর্কে চ্যাম্পিয়ন হয় সেন্ট গ্রেগরি হাইস্কুল। এই পর্বে জয়ী তিন বিতার্কিক হলো তীর্থ দেবনাথ, মুহম্মদ মহিউদ্দিন সৌরভ ও প্রত্যয় রায় চৌধুরী। এই পর্বে রানারআপ হয়েছে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়। বারোয়ারি বিতর্কে প্রথম হয়েছে সেন্ট গ্রেগরি হাইস্কুলের ছাত্র মশিউর রহমান।