বাংলাদেশ ও ভারতের সাবেক হাইকমিশনারদের সম্মেলন
সমন্বিত উপায়ে দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের তাগিদ
সমন্বিত উপায়ে দ্বিপক্ষীয় সমস্যাগুলো সমাধানের মাধ্যমে সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে শেষ হয়েছে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের সাবেক হাইকমিশনারদের প্রথম শীর্ষ সম্মেলন।
গতকাল শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা ঘোষণা পড়ে শোনানোর মধ্য দিয়ে দুই দিনের এই সম্মেলন শেষ করা হয়।
সংবাদ সম্মেলনে ঢাকা ঘোষণা পড়ে শোনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও প্রকল্প পরিচালক ইমতিয়াজ আহমেদ। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার দেব মুখার্জি।
ইমতিয়াজ আহমেদ বলেন, সার্ক ও বিমসটেকের আলোকে ৯-দফার ঢাকা ঘোষণা চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মূল ভিত্তি আস্থা, সদ্ভাব ও অংশীদারত্ব। দুই দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করা এর অংশ। ঘোষণায় সাম্য, সমতা, স্থিতিশীলতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেব মুখার্জি বলেন, শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট অমীমাংসিত বিষয়গুলো সমাধানের মাধ্যমে সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায় সেসব নিয়ে আলোচনা হয়েছে।
শীর্ষ সম্মেলনের ঘোষণায় সচেতনতা, আস্থা ও আত্মবিশ্বাস সৃষ্টির লক্ষ্যে সমাজের নানা স্তরের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি ব্যাপক তথ্য প্রবাহের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে বিনিয়োগ ও আর্থিক সেবাসহ পণ্য ও সেবার পরিমাণ বাড়ানোর পক্ষে মত দিয়েছেন সাবেক কূটনীতিকেরা। দুই প্রতিবেশী দেশের সরকারের প্রতি নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে ঘোষণায়। এতে জনগণের কল্যাণে অভিন্ন সম্পদ উত্তোলন ও ব্যবহারে দুই দেশকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ভারত-বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় ঢাকায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এ শীর্ষ সম্মেলনের আয়োজন করে। গত শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। উদ্বোধনী অধিবেশন শেষে তিনটি কর্ম অধিবেশনে অতীত থেকে শিক্ষা, বর্তমান সময়ের প্রতিবন্ধকতা এবং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।
দুই দিনের আলোচনায় অংশ নেন ঢাকা ও দিল্লিতে কাজ করেছেন দুই দেশের এমন ১১ জন কূটনীতিক। এ ছাড়া কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে কাজ করেছেন এমন বাংলাদেশি সাবেক তিন কূটনীতিকও এতে অংশ নেন।