১১ বছর পার হলেও ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার এখনো শেষ হয়নি। এ-সংক্রান্ত দুটি মামলায় ৫১১ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ২২১ জনের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে।
অবশ্য সরকারি কৌঁসুলিরা বলছেন, সব সাক্ষীর সাক্ষ্য গ্রহণের প্রয়োজন না-ও হতে পারে। অভিযোগ প্রমাণের জন্য যাঁকে যাঁকে প্রয়োজন মনে হবে, তাঁদের সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে ডাকা হবে। প্রতি সপ্তাহে দুই দিন করে মামলার তারিখ পড়ছে। এতে অন্তত তিনজনের সাক্ষ্য-জেরা সম্পন্ন হচ্ছে।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ও পরে আওয়ামী লীগ সরকারের আমলে দুই দফা তদন্ত করে আদালতে এ-সংক্রান্ত মামলা দুটির অভিযোগপত্র ও সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। দুই অভিযোগপত্রে মোট আসামির সংখ্যা ৫২ জন। আর সাক্ষী করা হয় ৪৯১ জনকে। পরবর্তী সময়ে সরকারপক্ষ আরও ২০ জনকে সাক্ষী করে। এর মধ্যে গত সপ্তাহ পর্যন্ত ২২১ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। আগামী মঙ্গলবার পরবর্তী ধার্য তারিখে ২২২তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে বলে সরকারি কৌঁসুলিরা জানান।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২২ জন নিহত হন। আহত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কয়েক শ নেতা-কর্মী।
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় নৃশংস এই হত্যাযজ্ঞের তদন্ত ভিন্ন খাতে নিতে নানা চেষ্টা করা হয়। আদালতে সাজানো জবানবন্দী আদায় করে তৈরি করা হয়েছিল বহুল আলোচিত ‘জজ মিয়ার গল্প’। এর প্রায় দুই বছর পর ২০০৬ সালের আগস্টে এই নাটকের পেছনের ঘটনা ফাঁস করে দেন জজ মিয়ার মা জোবেদা খাতুন। তিনি প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, জজ মিয়াকে গ্রেপ্তারের পর থেকেই সিআইডি তাঁর পরিবারকে মাসে মাসে ভরণপোষণের টাকা দিয়ে আসছে। জজ মিয়াকে গ্রেনেড হামলা মামলায় রাজসাক্ষী করতে সিআইডির প্রস্তাবের কথাও ফাঁস করে দেন তিনি। (সূত্র: প্রথম আলো, ২১ আগস্ট ২০০৬)
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এসে নতুন করে এই মামলা তদন্তের উদ্যোগ নেয়। তাতে বেরিয়ে আসে, বিএনপি সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর সহযোগিতায় গোপন জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি-বি) জঙ্গিরা শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে ওই হামলা চালিয়েছিল।
তদন্ত শেষে সিআইডির সহকারী পুলিশ সুপার ফজলুল কবির ২০০৮ সালের ১১ জুন হত্যা ও বিস্ফোরক আইনে আদালতে দুটি অভিযোগপত্র জমা দেন। তাতে হুজি-বির নেতা মুফতি আবদুল হান্নান ও বিএনপি সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, তাঁর ভাই মাওলানা তাজউদ্দিনসহ ২২ জনকে আসামি করা হয়। এরপর মামলার বিচার শুরু হয়। ৬১ জনের সাক্ষ্য নেওয়ার পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার এসে এর অধিকতর তদন্ত করে। ২০১১ সালের ৩ জুলাই সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। তাতে বিএনপির নেতা তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হারিছ চৌধুরীসহ আরও ৩০ জনকে আসামি করা হয়। উভয় অভিযোগপত্র মিলে মোট আসামির সংখ্যা ৫২।
সম্পূরক অভিযোগপত্রের বাকি আসামিরা হলেন জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সাবেক সাংসদ শাহ মোহাম্মদ কায়কোবাদ, খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউক, এনএসআইয়ের সাবেক দুই মহাপরিচালক ব্রিগেডিয়ার (অব.) আবদুর রহিম ও মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার, ডিজিএফআইয়ের মেজর জেনারেল (অব.) এ টি এম আমিন ও লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) সাইফুল ইসলাম জোয়ার্দার, পুলিশের সাবেক তিন আইজি আশরাফুল হুদা, শহুদুল হক ও খোদা বক্স চৌধুরী, সাবেক অতিরিক্ত ডিআইজি খান সাইদ হাসান ও মো. ওবায়দুর রহমান, জোট সরকারের আমলে মামলার তিন তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, এএসপি মুন্সী আতিকুর রহমান ও এএসপি আবদুর রশিদ, হানিফ পরিবহনের মালিক মো. হানিফ এবং হুজি-বির আরও ১০ জন নেতা।
২০১২ সালের ১৮ মার্চ হত্যা মামলায় ৫২ জনের বিরুদ্ধে এবং বিস্ফোরক মামলায় ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর আবার মামলার বিচার শুরু হয়। তারেক রহমানসহ ১৮ জনকে পলাতক দেখিয়ে তাঁদের অনুপস্থিতিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে অবস্থিত ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিশেষ এজলাসে মামলার বিচারকাজ চলছে।
মামলার বিচারকাজ সম্পর্কে জানতে চাইলে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিশেষ সরকারি কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূঁইয়া বলেন, এই মামলার বিচার চলছে স্বাভাবিক গতিতে। এটি স্পর্শকাতর মামলা, তাই আসামিপক্ষকে পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে। বিপুলসংখ্যক আসামি থাকায় সাক্ষ্য-জেরায় অনেক সময় লাগছে।