
ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারের মাঝে নানা আকারের লোহার ফ্রেম ও কালো পর্দার জ্যামিতিক বিন্যাসের এক স্থাপনাকর্ম। সেখানে ফ্রেমগুলোকে পরস্পর যুক্ত করছে সবুজ লেজার রশ্মি। হালকা আলোয় ভাসছে কতগুলো নাম—ফারাজ, অবিন্তা, তারিশি, ইশরাত...। নামগুলো মনে করিয়ে দেয় হলি আর্টিজানে ১ জুলাই জঙ্গি হামলার ঘটনা। বন্ধুর জন্য তরুণ ফারাজের আত্মত্যাগ যেন আরেক পরিচয়ের মুখোমুখি করিয়ে দেয় সবাইকে। হলি আর্টিজানের ঘটনার পরে বর্তমান সময়কে নবীন শিল্পীরা কীভাবে দেখছেন? সে উপস্থাপনা ছিল জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে।
প্রথম আলোর ১৮ বছর পূর্তি উপলক্ষে ‘আত্ম/পরিচয়’ নামে নবীন শিল্পীদের কাজ নিয়ে এই দৃশ্যশিল্প প্রদর্শনীর গতকাল মঙ্গলবার ছিল শেষ দিন। প্রদর্শনীর পাশাপাশি সন্ধ্যা ছয়টায় শুরু হয় সমাপনী অনুষ্ঠান। প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী বলেন, ‘আমি আইডেন্টিটি ক্রাইসিস দেখি না। আইডেন্টিটি ক্রাইসিস কাদের হয়, এতে কারা ভোগে? এটা চিন্তার বিষয়। আজকের অনুষ্ঠানের পেছনে ফারাজের আত্মত্যাগ একটি ভূমিকা রেখেছে। বন্ধুত্বের মূল্য দিতে গিয়ে সে তার জীবনটাই তুলে দিয়েছিল।’
অনুষ্ঠানে শিল্পী ঢালী আল মামুন বলেন, ‘আমাদের ঔপনিবেশিক দেশগুলোতে শিল্পীরা সব সময় একটি জটিল সমস্যায় পড়েন। যেটি এখানে বলা হয়েছে “আত্ম/পরিচয়”। এই আত্মপরিচয়ের সংকটটির সঙ্গে উত্তর-ঔপনিবেশিক শিল্পীদের একটি বোঝাপড়া করতে হয়। একবিংশ শতাব্দীতে আত্মপরিচয়ের বিষয়টি খুবই জটিল।’
পুরো প্রদর্শনী সম্পর্কে কিউরেটর শিল্পী ওয়াকিলুর রহমান বলেন, প্রথম আলোর ১৮ বছর পূর্তিতে তাঁকে বলা হয়েছিল তরুণ শিল্পীদের ভাবনা নিয়ে প্রদর্শনীটি সাজাতে। তিনি অনূর্ধ্ব-৩৫ বছরের নবীন শিল্পীদের দিয়ে বিভিন্ন মাধ্যমে বর্তমান সময়ের ভাবনাকে তুলে ধরার চেষ্টা করেছেন। পুরো প্রদর্শনকক্ষটাকে সে রকম করেই সাজানো হয়েছে। এ জন্য একজন তরুণ প্রকৌশলীকে সঙ্গে নিয়েছিলেন।
১০ দিনব্যাপী প্রদর্শনীতে ছিল চিত্রকলা, ভাস্কর্য, গ্রাফিক ডিজাইন, আলোকচিত্র, ভিডিও চিত্র, স্থাপনা, আলো, শব্দসহ বিভিন্ন মাধ্যমের কাজ। অনূর্ধ্ব ৩৫ বছরের ২৬ জন শিল্পীর শিল্পকর্ম ছিল প্রদর্শনীতে। সঙ্গে প্রতিদিন সন্ধ্যায় ছিল পারফরম্যান্স আর্ট। সব মিলিয়ে মোট ৪৩ জন শিল্পীর যুক্ততা ছিল এই প্রদর্শনীতে।
অনুষ্ঠানে সঞ্চালক প্রদর্শনীর ভাবনা নিয়ে বলেন, ‘হলি আর্টিজানের ঘটনার পরে এই ভাবনা শুরু হয় যে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা করা দরকার। নিজেদের পরিচয় খোঁজা দরকার। সমাজের বিভিন্ন প্রবণতা দেখা দরকার। শিল্পীরা এই সময়কে কীভাবে দেখছেন এবং সামনের দিকে কীভাবে আমরা তাকাতে পারি সে ভাবনায় এই প্রদর্শনী। এখান থেকে আমাদের চাওয়া, যদি এমন একটা মন নিয়ে বের হই, যে মনটা আমাদের আত্মজিজ্ঞাসার দিকে ফিরে তাকাতে সাহায্য করে, তবেই আমাদের জন্য এ প্রদর্শনী সার্থক।’