শেষ হলো অমর একুশের অনুষ্ঠানমালা
‘বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা সত্য হউক’ স্লোগান নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছিল সম্মিলিত সাংস্কৃতিক জোটের ১৪ দিনব্যাপী একুশের অনুষ্ঠানমালা। গতকাল শুক্রবার এবারের অমর একুশের এই অনুষ্ঠানমালা শেষ হলো। গতকাল বিকেলে চতুর্দশ দিনের একুশের অনুষ্ঠান শেষ হয়েছে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে।
গতকাল শেষ দিনের অনুষ্ঠান শুরু হয় শিশুদের নৃত্য দিয়ে। ‘আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে নৃত্যশ্রী সংগঠনের শিশুশিল্পীরা।
এরপর দলীয় সংগীত ‘ভুলব না, ভুলব না, অমর একুশে ভুলব না’ ও ‘জাতির জীবনে অনন্য এই একুশে ফেব্রুয়ারি’ পরিবেশন করে স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র। সত্যেন সেন শিল্পীগোষ্ঠী সমবেত কণ্ঠে পরিবেশন করে ‘ঘুমের দেশে ঘুম ভাঙাতে’ ও রাষ্ট্রভাষা বাংলা চাই’। বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠী পরিবেশন করে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী।’
একক সংগীত পরিবেশন করেন শামীমা রহমান, আরিফ রহমান ও নাসরিন বেগম। দলীয় আবৃত্তি পরিবেশন করে শ্রুতিঘর ও স্বরশ্রুতি।
অনুষ্ঠানের শেষ পর্বে পরিবেশিত চারটি পথনাটক উপভোগ করেন দর্শকেরা। পথনাটকে অংশ নেয় সুবচন নাট্য সংসদ, ঢাকা পদাতিক, দ্যাশ বাংলা থিয়েটার ও নাট্যকথা দল। অনুষ্ঠান সঞ্চালনা করেন রফিকুল ইসলাম ও হানিফ খান।