শেষ হলো আন্তর্জাতিক সংগীত উৎসব
‘বাংলায় গাইবে বিশ্ব’ শীর্ষক তিন দিনের আন্তর্জাতিক সংগীত উৎসব শেষ হলো গতকাল বুধবার। বাংলাদেশ এন্টারপ্রাইজ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ নামের একটি সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম বারের মতো এই আন্তর্জাতিক সংগীত উৎসবের আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানটি ছিল সবার জন্য উন্মুক্ত। ফলে মাঠ ভরে গিয়েছিল সংগীতানুরাগী শ্রোতার সমাবেশে।শেরেবাংলা নগরের আন্তর্জাতিক বাণিজ্য মেলা মাঠে গতকাল সমাপনী আসর শুরু হয় বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীত দিয়ে। এরপর বাংলাদেশ-ভারতের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড দলগুলো গানে গানে শ্রোতাদের মাতিয়ে রাখে। স্থানীয় শিল্পীদের মধ্যে ছিলেন মেহরিন, আঁখি আলমগীর, তিশমা, ন্যান্সি, তৌসিফ, সফিউল আলম প্রমুখ। ব্যান্ডের মধ্যে ছিল মাইলস, প্রমিথিউস, ব্ল্যাক ও ওয়ারফেইজ। ভারতের শিল্পীদের মধ্যে ছিলেন, হৈমন্তী শুক্লা, শ্রীকান্ত আচার্য, নচিকেতা, মিতালী মুখার্জী, সৈকত মিত্র প্রমুখ। পথনাটককেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিদিন বিকেলে প্রচুর দর্শক সমাগম হচ্ছে পথনাটক উত্সবে। হানো আঘাত চূর্ণ করো মৌলবাদ স্লোগান নিয়ে শুরু হওয়া সপ্তাহব্যাপী পথনাটক উত্সবের গতকাল বুধবার ছিল তৃতীয় দিন। এদিন ঢাকা ও রাজধানীর বাইরের সাতটি নাট্যদল তাদের নাটক পরিবেশন করে।বিকেল চারটা থেকে শুরু হয় নাট্য পরিবেশনা। প্রথমে গাজীপুরের নাট্যভূমি পরিবেশন করে শুভংকর চন্দ্র রচিত ও শাজাহান হক নির্দেশিত নাটক মরা। এরপর ঢাকা নান্দনিক পরিবেশন করে সৈয়দ শহিদুর রহমান রচিত ও রাজীবুল ইসলাম নির্দেশিত শকুন, দেশ বাংলা থিয়েটারের নাটক রাশেদুল ইসলাম রচিত ও কামাল বারী নির্দেশিত জোয়ার, নাট্যধারার নাটক লিজা আরমান রচিত ও নির্দেশিত অপরাজেয় বাংলা, ইউনিভার্সেল থিয়েটারের নাটক বাবুল ভট্টাচার্য রচিত ও শওকত মজুমদার নির্দেশিত উদ্ভ্রান্ত, মুন্সিগঞ্জের অনিয়মিত সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর নাটক মাহফুজুর রহমান রচিত ও সুজন হায়দার নির্দেশিত ভণ্ডামি এবং তীরন্দাজের নাটক মান্নান হীরা রচিত ও নির্দেশিত কারখানা।লালন স্মরণোৎসবকুষ্টিয়া প্রতিনিধি জানান, ভক্তসাধুরা লালন স্মরণোত্সব থেকে ফিরতে শুরু করেছেন। দুই দিন আর দুই রাত আধ্যাত্মিক সাধক ফকির লালন সাঁইজির প্রতি বিনয়ভক্তি নিবেদনের জন্য যথেষ্ট সময় বলেই মনে করেন তাঁরা। তাই কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে পাঁচ দিনব্যাপী দোল-উৎসবে আসা সাধু-বাউলেরা তাঁদের গুরুজির প্রতি ভক্তি-শ্রদ্ধা নিবেদন শেষ করে ফিরতে শুরু করেছেন আপন ঠিকানায়। বরাবর উৎসব হয় তিন দিনের। এবার সময় বাড়িয়ে আয়োজকেরা পাঁচ দিন করেছেন। তবে ভাঙেনি কালীনদীর আঙিনায় বসা গ্রামীণ মেলা। ভক্তরা ঘরে ফিরতে শুরু করলেও মেলায় এখনো ক্রেতা আর সাধারণ দর্শণার্থীদের ভিড় প্রচুর। থাকছে নিয়মিত আয়োজন লালন সংগীত সন্ধ্যার আসরও।উৎসবের চতুর্থ দিনে গতকাল বুধবার প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ইউনুসুর রহমান। বিশেষ অতিথি কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এস এম জিয়াউদ্দিন হায়দার।