শেষ হলো আন্তর্জাতিক সিলেট উৎসব
সিলেটে নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সিলেট উৎসব। গতকাল মঙ্গলবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসবের শেষ হয়। তবে এর আগে দিনভর নানা সেমিনার, গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার উদ্যোগে শহরতলির লাক্কাতুরা এলাকার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ছিল এ আয়োজন।
সকালে সেমিনারের পর সিলেটের সাত গুণী ব্যক্তিকে ‘জালালাবাদ স্বর্ণপদক’ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. আবদুল আজিজ (শিক্ষা), রণজিৎ দাস (ক্রীড়া), এম এ রকিব (চিকিৎসা), সুজেয় শ্যাম (সংগীত), শীলা রায় (নারী জাগরণ), মনির উদ্দিন আহমদ (আইন পেশা) ও সালেহ চৌধুরী (সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধ)। এর আগে গত সোমবার প্রথম দিনের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হাতে ‘জালালাবাদ স্বর্ণপদক’ সম্মাননা তুলে দেওয়া হয়। গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী।