শেষ হলো ই-এশিয়া ২০১১
নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে এশিয়ায় তথ্যপ্রযুক্তির অন্যতম বড় আয়োজন ‘পঞ্চম ই-এশিয়া ২০১১’। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের এই আয়োজন শেষ হয়েছে গতকাল শনিবার।সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। তিনি বলেন, এই আয়োজনের মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশ সম্পর্কে জানতে পেরেছেন। সমাপনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া, ভারতের সিএসডিএমএসের সভাপতি এম পি নারায়ণ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব মো. রফিকুল ইসলাম।তিন দিনের এই আয়োজনের শেষ দিন গতকাল সকালে অনুষ্ঠিত হয়েছে ‘মিট দ্য টেকনোলজি লিডার’ শিরোনামের সেমিনার। এতে বিশ্বখ্যাত প্রসেসর নির্মাতাপ্রতিষ্ঠান ইন্টেলের ভাইস প্রেসিডেন্ট ও ওয়ার্ল্ড অ্যাহেড কর্মসূচির মহাব্যবস্থাপক জন ডেভিস তরুণ প্রজন্মের উদ্দেশে বক্তৃতা করেন। তিনি বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন। প্রাণবন্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।ই-এশিয়া আয়োজনে বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের চার শতাধিক প্রতিনিধি অংশ নেন। এতে ছিল সমসাময়িক বিভিন্ন বিষয়ে ৩০টি সেমিনার ও কর্মশালা। ই-এশিয়ার আয়োজনে প্রথমবারের মতো দেওয়া হয় ‘ই-এশিয়া ২০১১ পুরস্কার’। এবারের প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, শ্রীলঙ্কা, জাপান, থাইল্যান্ড ও নেদারল্যান্ড—এই পাঁচটি দেশের কান্ট্রি প্যাভিলিয়ন এবং ডেনমার্ক, ইংল্যান্ড, নরডিক চেম্বার, এনটিএফ-২ প্রজেক্টের স্টল ছিল।