শেষ হলো উয়ারী-বটেশ্বরে নবম ধাপের উত্খনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গনগর হিসেবে আলোচিত নরসিংদীর বেলাব উপজেলার উয়ারী-বটেশ্বরে নবম ধাপের উত্খননের কাজ গত শনিবার শেষ হয়েছে। সমাপনী দিনে চলতি ধাপে আবিষ্কৃত বৌদ্ধ পদ্ম মন্দিরসহ আবিষ্কৃত উল্লেখযোগ্য প্রত্নবস্তু প্রদর্শন করা হয়।উত্খননের কাজের সমাপনী উপলক্ষে স্থানীয় কামরাব-ধুপিরটেক বেসরকারি রেজিস্ট্রেশন প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐতিহ্য-অন্বেষণের ট্রাস্টি নূহ-উল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রাচীন ঐতিহ্য গবেষণা ও রক্ষায় দিনবদলের সরকার সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে। উয়ারী-বটেশ্বর অঞ্চলের উত্খনন কাজ চালিয়ে যেতে সরকারের পাশাপাশি ধনাঢ্য ব্যক্তি ও করপোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।উত্খনন দলের পক্ষ থেকে বক্তব্য দেন ঐতিহ্য অন্বেষণের নির্বাহী পরিচালক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ইতিমধ্যে উয়ারী-বটেশ্বর অঞ্চলে ৪৮টিরও অধিক প্রত্নস্থান আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে কামরাব এলাকার মন্দিরভিটার প্রত্নস্থানটি অন্যতম। ২০০৯ সাল থেকে ওই স্থানে উত্খননের পর চলতি ধাপে আবিষ্কৃত হয়েছে প্রায় এক হাজার ৪০০ বছরের প্রাচীন ইটনির্মিত বৌদ্ধমন্দির, যা বাংলাদেশের জন্য বহুমাত্রিক তাৎপর্য বহন করে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সাংসদ নুরুল মজিদ হুমায়ুন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সোনিয়া নিশাত আমিন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সফিকুল ইসলাম, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, রামেন্দু মজুমদার, আবু সাঈদ খান প্রমুখ।