শেষ হলো এসকেএফ তৃতীয় জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক উৎসব
দুদিনের এসকেএফ তৃতীয় জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক উৎসব শেষ হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর।
ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) সভাপতি এ কে এম শোয়াইবের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক-এর ব্যবস্থাপনা সম্পাদক আশীষ সৈকত। বিশেষ অতিথি ছিলেন এসকেএফ বাংলাদেশ লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক এ বি সিদ্দিকী, বিতর্ক উৎসব উদ্যাপন পরিষদের প্রধান আহ্বায়ক মুসবাহ আহমেদ মাহদী, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রসংসদের সাধারণ সম্পাদক মাহিদুর রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের সভাপতি সাইফুল আমিন ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের আঞ্চলিক বিপণন ব্যবস্থাপক মনির হোসেন।
‘ধমনিতে যুক্তির লাল চঞ্চলতা’—এ স্লোগানে বিতর্ক উৎসব শুরু হয় গত শুক্রবার। অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব (সিএমসি ডিসি)। সার্বিক সহযোগিতায় ছিল এসকেএফ বাংলাদেশ লিমিটেড। গতকাল সমাপনী দিন সকালে সংসদীয় বিতর্কবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে যুগ্মভাবে প্রথম হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের তাহসীন মনজুর তুশীন ও রওশন ডায়েমি। সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ দল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ—দুইয়ের মধ্যে চূড়ান্ত পর্বের বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেডিকেল কলেজ দল।
বিতর্কের বিষয় ছিল ‘চেতনার উৎসব নয়, চেতনার অনুশীলন চাই’। বিতর্কের প্রথম ও দ্বিতীয় রাউন্ড সনাতনী পদ্ধতিতে এবং কোয়ার্টার, সেমিফাইনাল ও চূড়ান্ত পর্ব সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
বিতর্ক উৎসবে নয়টি মেডিকেল কলেজের ১৪টি দল এবং ১৪টি মেডিকেল কলেজের ২২টি কুইজ দল অংশগ্রহণ করে।