শেষ হলো কণ্ঠশীলনের মিলনোৎসব
পাতায় পাতায় সাজানো মঞ্চ। আলোয় যেন সবুজের বিচ্ছুরণ। সামনের বড় একটি পাতায় লেখা ‘শুভ কর্মপথে ধরো নির্ভয় গান’। কণ্ঠশীলনের এটিই ছিল ওয়াহিদুল হক স্মারণিক মিলনোত্সব ২০১০-এর মূল ভাবনা। গতকাল শনিবার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে উত্সবের শেষ দিনে ছিল গুণীজন সম্মাননা। সন্জীদা খাতুনের সভাপতিত্বে এ সম্মাননা জানানো হয় নাট্যব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরীকে। তাঁকে উত্তরীয় পরিয়ে এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান কণ্ঠশীলনের সদস্যরা। সাহিত্যের বাচিক চর্চা ও প্রসারপ্রতিষ্ঠান কণ্ঠশীলন আয়োজিত তিন দিনব্যাপী এ মিলনোত্সবের শেষ দিনের সন্ধ্যায় ব্রতচারী নৃত্য পরিবেশন করে বাংলাদেশ ব্রতচারী সমিতি। এর পর বিভিন্ন আবৃত্তি সংগঠনের দলীয় আবৃত্তি। এতে মুক্তধারা ‘প্রথম পূজা’, স্বরশ্রুতি ‘আমার পরিচয়’ এবং বৈকুণ্ঠ ‘পরাণের গহিন ভিতর’ পরিবেশন করে। শেষে ছিল বাউলসংগীত। ১৮ মার্চ থেকে শুরু হওয়া এ উত্সবে কণ্ঠশীলনের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। আনন্দ আর উচ্ছ্বাসে তাঁরা কাটিয়েছেন তিনটি দিন।পিপলস থিয়েটারের ‘বিশ্ব শিশু-কিশোর ও যুব নাট্যদিবস’গতকাল শনিবার ছিল বিশ্ব শিশু-কিশোর ও যুব নাট্যদিবস। পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।দুপুরে শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান অনুষ্ঠানের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী। আলোচনার পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই নাট্যকর্মীদের জন্য ছিল থিয়েটার গেমস। পাশাপাশি শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাও চলতে থাকে। নাচ, গান ও নাটিকা প্রদর্শন করে বিভিন্ন শিশু-কিশোর-যুব সংগঠনের সদস্যরা। সব শেষে ছিল র্যাফেল ড্র।শেষ হলো দেশঘরের গানগ্রাম-বাংলার লোকগানের আবেদন যে শহুরে সংগীত-অনুরাগীদের মনে আলাদা জায়গা করে আছে, তার প্রমাণ পাওয়া গেল গত দুই দিনে। গত শুক্র ও শনিবার রাজধানীতে এবং দেশের বিভিন্ন অঞ্চলের লোকশিল্পীরা জারি, কীর্তনসহ বিভন্ন আঙ্গিকের লোকগান গেয়ে মাতিয়ে রেখেছিলেন শ্রোতাদের। তাঁরা এসেছিলেন ছায়ানটের আয়োজনে দেশঘরের গান গাইতে।গতকাল বিকালে অনুষ্ঠান শুরু করেন ছায়ানটের শিল্পীরা। তাঁরা পরিবেশন করেন ‘দয়াল তোমার আসল নামটা কী’, এবং ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’। এর পর আবুল কালাম আজাদ পরিবেশন করেন ‘আজো কাঁদে রুপাই মিয়ার বাঁশের বাসি’। একক কণ্ঠে আরও ছিল মোখলেসুর রহমান, বিমান চন্দ্র বিশ্বাস প্রমুখের গান। জারি গান পরিবেশন করেন নড়াইলের সাইফুল ইসলাম বয়াতি ও তাঁর দল। রাতে ফরিদপুরের অমল ব্যানার্জি ও তাঁর দল ‘কীর্তন’ পরিবেশন করে।লোককৃষ্টির ল্যাবরেটরিঢাকা পদাতিক আয়োজিত আন্তর্জাতিক নাট্যোত্সবের গতকাল ছিল দ্বিতীয় দিন। এ দিন অংশ নেয় কলকাতার লোককৃষ্টি নাট্য দল। তারা মঞ্চস্থ করে রবীন্দ্রনাথর গল্প অবলম্বনে ল্যাবরেটরি। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন ফাল্গুনী চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় চরিত্র নন্দকিশোরের ভূমিকায় অভিনয় করেছেন দেবদূত ঘোষ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তাপস চক্রবর্তী, নিকুঞ্জ সরকার, মোম ভট্টাচার্য, রুমকি চট্টোপাধ্যায়, মোনালিসা চট্টোপাধ্যায়, সোহম গুপ্ত, শ্রীজিত সরকার প্রমুখ।রবীন্দ্রনাথের কালজয়ী বড় গল্প ল্যাবরেটরি ছিল ব্যতিক্রম সৃষ্টি। যেখানে প্রচলিত সমাজের বাস্তবতাকে তোয়াক্কা না করে গল্পের প্রধান চরিত্র বৈজ্ঞানিক নন্দকিশোর পরাধীন দেশবাসীর কল্যাণের জন্য বেছে নিয়েছিলেন বিচিত্র পথ। সেখানে লক্ষ্যে তিনি অবিচল, কিন্তু পৌঁছানোর পথের স্বচ্ছতা নিয়ে ভাবিত নন মোটেও। গল্পের মাঝপথে নন্দকিশোরের প্রয়াণের পর তাঁরই সেই সৃষ্টিকে টিকিয়ে রাখতে তাঁর স্ত্রী-কন্যার মধ্যে মতভেদ দেখা দেয়। এ নিয়েই এগিয়ে যায় নাটকের কাহিনী। আজ শিমূল ইউসুফের নির্দেশনায় মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের ধাবমান। ‘ধর্ম-বর্ণ-জাতির ঊর্ধ্বে জাগো হে নবীন প্রাণ’ স্লোগান নিয়ে উত্সব শেষ হবে ২৫ মার্চ।শেষ হলো শিশু উত্সবগতকাল শেষ হলো কলাবাগান মাঠে আয়োজিত চার দিনব্যাপী সজীব শিশু উত্সব। সমাপনী দিনেও ছিল পুতুল নাচ, সার্কাস, নাগরদোলা ও চরকির সঙ্গে ছিল শিশুদের পরিবেশিত সংগীত-নৃত্যানুষ্ঠান। সব শেষে উত্সবের সব আলো নিভিয়ে শুধু মোমবাতি নিয়ে মাঠ প্রদক্ষিণ করা হয়। এ সময় সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘আমরা করব জয়’ গানটি। রাতে সমাপনী অনুষ্ঠানে সজীব গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের সভাপতিত্বে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।