শেষ হলো কবিতা উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবিতা পরিষদ আয়োজিত উত্সবের গতকাল মঙ্গলবার ছিল সমাপনী দিন। কবিতার কথা, ছন্দ আর আলোচনার সম্মিলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারসংলগ্ন হাকিম চত্বর প্রাণবন্ত ছিল দুই দিন।সকালে ‘ঋণ অথবা অনুকরণ: অধমর্ণদের কথা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফয়জুল লতিফ চৌধুরী। মুহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে এ পর্বে আলোচনা করেন শামসুজ্জামান খান, বিশ্বজিত্ ঘোষ, অমিতাভ চৌধুরী, নুরুল কবির ও ফরিদ আহমেদ। সেমিনারের দ্বিতীয় পর্বে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের সভাপতিত্বে ‘কবিতার নতুন দিন, কবিতার সময়’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাসুদুজ্জামান। আলোচনা করেন সমরেন্দ্র সেনগুপ্ত, রফিকউল্লাহ খান, মফিদুল হক ও সৌমিত্র শেখর। বেলা তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত শিহাব সরকারের সভাপতিত্বে চলে কবিতাপাঠ। বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজী রোজীর সভাপতিত্বে বিভিন্ন অঞ্চল থেকে আসা কবিরা কবিতা পাঠ করেন। আর সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত নির্মলেন্দু গুণের সভাপতিত্বেও বসে ঢাকার কবিদের কবিতাপাঠের আসর। সবশেষে ছিল কবিতার গান। কবিদের কবিতা থেকে সুর করা গান গাইলেন প্রথিতযশা শিল্পীরা। আবদুল গাফ্ফার চৌধুরীর সভাপতিত্বে এ পর্বে গান করেন রেজওয়ানা চৌধুরী, ফেরদৌস আরা, লিলি ইসলাম, ঝর্ণা রহমান, ইফফাত আরা নার্গিস ও বাবুল বাউল।এ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরাসহ বিভিন্ন অঙ্গরাজ্যের বাংলা ভাষাভাষীর কবিরা কবিতা পাঠ করেন। পথনাট্যোত্সবের দ্বিতীয় দিনে পাঁচটি নাটক‘নাটকের অনেক শক্তি’—শহীদ মিনারের দিকে যেতে যেতে বলছিলেন মিরপুরের শফিউল আলম। পাশেই ছিলেন তাঁর আরেক বন্ধু মাহবুব ইসলাম। শফিউল বললেন, ‘দেখবি, সন্ধ্যায় এখানে মানুষের ঢল নামবে।’ শফিউলের ভবিষ্যদ্বাণী ভুল হয়নি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে নামতে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিমূল নাট্য অনুরাগীদের উপস্থিতিতে ভরে গেল। নাটকের শক্তিতে উজ্জীবিত পথশিশু আর চাকরিজীবীকে এ কাতারে বসে হাততালি দিতে দেখা গেল। ‘নির্মল করো প্রতিক্রিয়া প্রগতিরে করো নিঃশঙ্ক’ স্লোগান নিয়ে সাত দিনের পথনাট্যোত্সবের গতকাল ছিল দ্বিতীয় দিন। ভিশন থিয়েটার ভাবমূর্তি; ইউনির্ভাসেল থিয়েটার উদ্বাস্তু; বর্ণমালা গ্রুপ থিয়েটার আদিম মানুষ; মুক্তমঞ্চ থিয়েটার আবারও তিনি এবং সাত্ত্বিক নাট্যসম্প্রদায় রসু খাঁ অথবা আমি নাটক মঞ্চায়ন করে। চারুবাকের আবৃত্তি প্রযোজনা ‘বাংলা ভাষা মা আমার’মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ‘বাংলা ভাষা মা আমার’ শীর্ষক আবৃত্তির আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন চারুবাক। দেবাশিস রূপনের গ্রন্থনা ও নির্দেশনায় এ অনুষ্ঠানে আমন্ত্রিত আবৃত্তিশিল্পীদের মধ্যে সাংসদ আসাদুজ্জামান নূর, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, রণজিত্ রক্ষিত, কাসরুল হাসান, ইস্তেকবাল হোসেন, মীর বরকত, লায়লা আফরোজ, গোলাম সরোয়ার, হাসান আরিফ, শিমুল মুস্তাফা, মাহিদুল ইসলামসহ দেশের বরেণ্য আবৃত্তিশিল্পীরা আবৃত্তি করবেন। গতকাল এক সংবাদ সন্মেলনে এসব তথ্য জানান সংগঠনের কর্মীরা। সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্দরনগর চট্টগ্রামে ১৯৯১ সাল থেকে বাচিক উচ্চার-চর্চা কেন্দ্র হিসেবে চারুবাক নিরবচ্ছিন্নভাবে কাজ করে আসছে। ২০০৮ সাল থেকে চারুবাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্য সংগঠন হিসেবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে।