শেষ হলো কিশোর বিজ্ঞান সম্মেলন
চট্টগ্রাম নগরের ডিসি হিলসংলগ্ন ফুলকি প্রাঙ্গণে গতকাল রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী কিশোর বিজ্ঞান সম্মেলনের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ‘জামাল নজরুল স্মরণিক কিশোর বিজ্ঞান সম্মেলন’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে ফুলকি ছোটদের সাংস্কৃতিক জগৎ।
বিশ্ববরেণ্য গাণিতিক পদার্থবিদ প্রফেসর জামাল নজরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মরণে এ সম্মেলনের আয়োজন করা হয়। গতকাল ছিল তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল মেরিডিয়ান গ্রুপ ও প্রথম আলো। সমাপনী অনুষ্ঠানের শুরুতে স্মরণসংগীত পরিবেশন করেন ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন। ফুলকির ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক শামসুল হোসাইনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে মেলা আয়োজনের গুরুত্ব তুলে ধরেন ফুলকির সম্পাদক ও কবি-সাংবাদিক আবুল মোমেন। অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক জামাল নজরুল ইসলামের স্ত্রী সুরাইয়া ইসলাম ও মেয়ে সাদাফ সাজ সিদ্দিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপর মেয়ে নার্গিস নাজ ইসলাম। সুরাইয়া ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘এ আয়োজনের জন্য ফুলকিকে কৃতজ্ঞতা জানাই। আকাশের তারার মতো জ্বলজ্বলে আমাদের শিশুরা এ বিজ্ঞান সম্মেলনের সুফল বয়ে নিয়েই একদিন দেশের মুখ উজ্জ্বল করবে।’ এর আগে গতকাল বিকেলে ফুলকি প্রাঙ্গণে আয়োজন করা হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞানভিত্তিক কুইজ, বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতা।