জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড ডিবেট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলোর সহযোগিতায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জাডস) এ কর্মশালার আয়োজন করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে গত শনিবার থেকে এ কর্মশালার আয়োজন করা হয়। গতকাল রোববার কর্মশালার শেষ দিনে বিকেল চারটায় একই স্থানে পার্লামেন্টারি ডিবেট, এশিয়ান ডিবেট, ক্যারিয়ার গঠনে ডিবেট ও উচ্চারণের ওপর কর্মশালা হয়। বিষয়গুলোর ওপর বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সঞ্জীব সাহা, সাবেক সভাপতি হাসান মাহ্মুদ, বর্তমান মহাসচিব মাহফুজুর রহমান ও কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের আশরাফুল হাসান আলোচনা করেন। আলোচনা শেষে ‘আমাদের বর্তমান সংস্কৃতি অভিযোজিত নয় বরং আরোপিত’ বিষয়ের ওপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী বিতর্ক করেন। জাডসের সভাপতি বদরুন নাহার বলেন, সময় উপযোগী ও গঠনমূলক কর্মকাণ্ডের সঙ্গে সবাইকে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়। এ ধরনের কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ক্যারিয়ার গঠন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।