শেষ হলো ক্লিয়ার অ্যাড মেকার বাংলাদেশ ২০১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব ইয়াং এন্ট্রাপ্রেনারস সোসাইটি আয়োজিত দেশের বৃহত্তম আন্তবিশ্ববিদ্যালয় বিজ্ঞাপন নির্মাণ প্রতিযোগিতা ‘ক্লিয়ার অ্যাড মেকার বাংলাদেশ ২০১২’। বিশ্ববিদ্যালয়পড়ুয়া বিজ্ঞাপন নির্মাতাদের ১২টি দল অংশ নেয় এর চূড়ান্ত প্রতিযোগিতায়।গতকাল বুধবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী। এ প্রতিযোগিতায় দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ের এক হাজার ২৫১ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন জেনে বিস্ময় প্রকাশ করেন তিনি। গীতি আরা সাফিয়া চৌধুরী বলেন, আগে বিজ্ঞাপনী সংস্থাগুলোই বিজ্ঞাপন নির্মাতাদের তৈরি করে নিত। এখন এ জাতীয় আয়োজনের ফলে পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিজ্ঞাপন নির্মাতারা তৈরি হয়ে আসবেন।অনুষ্ঠানে স্পনসর প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার মাহতাব হাসান বক্তব্য দেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য আবদুস সাত্তার স্বাগত এবং স্কুল অব বিজনেসের ডিন আবদুল হান্নান মিয়া ধন্যবাদ বক্তব্য দেন। তাঁরা প্রতিযোগিতাটি আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, এর মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের বিজ্ঞাপন নির্মাণে তাঁদের দক্ষতা প্রমাণের সুযোগ করে দেওয়া। এই লক্ষ্যে ৪১৭টি দলে এক হাজার ২৫১ জন প্রতিযোগী নিবন্ধিত হন। প্রতিযোগিতা শুরুর আগে বিজ্ঞাপনবিষয়ক ধারণা সম্প্রসারণের জন্য কর্মশালার আয়োজন করা হয়। শীর্ষ ১২টি দলকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত করা হয়। চ্যাম্পিয়ন হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপন নির্মাতাদের দল ট্রাইপড। এই দলের তিন সদস্য হলেন: নাজমুস সাকিব, ওয়াসেফ চৌধুরী ও মাহিদয়া চৌধুরী। প্রথম রানারআপ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নার্সিসাস। এই দলের সদস্যরা হলেন: ফাইয়াদ মাহফুজ খান, মার্ক রাসেল সিনহা ও মারুফ হোসেন। দ্বিতীয় রানারআপ দলও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের, এই দলটির নাম টু-থ্রি-ফোর। সদস্যরা হলেন: সৈয়দ ইফতেখার তৌহিদ, নাইম শরাফত ও নাবিল খান।প্রধান পৃষ্ঠপোষক ছিল ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পণ্য ক্লিয়ার, সহ-পৃষ্ঠপোষক আল হাসান ডায়মন্ড গ্যালারি। সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে অ্যাডকম লিমিটেড, প্রথম আলো, প্রথম আলো জবস, সময় টিভি ও রেডিও ফুর্তি।