শেষ হলো ক্ষুদ্র জাতিসত্তার ফুটবল উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের ঝিলিম ইউনিয়নের বাবুডাইং ফিল্টিপাড়া মাঠে দুদিনব্যাপী ক্ষুদ্র জাতিসত্তার ফুটবল প্রতিযোগিতা শেষ হয়েছে। গতকাল রোববার প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় রাজশাহীর গোদাগাড়ীর বাবুডাইং মিতালী সংঘ ৩-০ গোলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জুগিডাইং আদিবাসী ক্রীড়া উন্নয়ন সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে একটি গরু ও রানারআপ দলকে একটি ছাগল দেওয়া হয়েছে।
ক্ষুদ্র জাতিসত্তার এ ফুটবল প্রতিযোগিতা পরিচালনার সঙ্গে যুক্ত নির্মল কোল সরেন বলেন, দুদিনব্যাপী এ প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জের সদর, গোমস্তাপুর ও রাজশাহীর গোদাগাড়ীর বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার ১৬টি দল অংশ নেয়।
খেলা দেখতে আসা চ্যাম্পিয়ন দলের গ্রাম রাজশাহীর গোদাগাড়ীর বাবুডাইং গ্রামের রজোমনি টুডু, রুমিতা কিসকু, অনিতা হাসদার সঙ্গে কথা হয়। এরা সবাই অষ্টম শ্রেণির ছাত্রী। তারা বলে, বাবুডাইং আদিবাসী বিদ্যালয় এ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে ছুটি ছিল। তাদের গ্রামের দল চ্যাম্পিয়ন হয়েছে। তাই এখন গ্রামে ভূরিভোজ হবে। আনন্দ, হই-হুল্লোড়ে মেতে উঠবে গ্রামের সবাই।
কোল শিশুদের মাতৃভাষায় পরিচালিত প্রাক্-প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ের সভাপতি লাছাম কোল হাসদা প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। তিনি বলেন, ক্ষুদ্র জাতিসত্তার মানুষের ফুটবলপ্রীতি অন্য রকম। নারী-পুরুষ সবাই ফুটবল ভালোবাসে।