শেষ হলো গণিতের বিশ্বসেরা আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলবার রাতে কাজাখস্তানের শিক্ষামন্ত্রী জানশিত তুইমেবায়েভের বিদায়ী ভোজসভার সমাপ্তি ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মেধা যাচাইয়ের প্রতিযোগিতা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) ৫১তম আসর। রাজধানী আস্তানায় অনুষ্ঠিত এবারের অলিম্পিয়াডে বাংলাদেশসহ ৯৬টি দেশের ৫১৭ জন শিক্ষার্থী অংশ নেয়। বাংলাদেশ একটি ব্রোঞ্জ পদক পেয়েছে। আস্তানার স্বাধীনতা প্রাসাদের কংগ্রেস হলে মঙ্গলবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কাজাখস্তানের প্রধানমন্ত্রী অলিম্পিয়াডে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত চীনের শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক ও ল্যাপটপ কম্পিউটার তুলে দেন। পর্যায়ক্রমে ১১৫টি ব্রোঞ্জ, ১০৪টি রৌপ্য ও ৪৭টি স্বর্ণপদক বিজয়ী শিক্ষার্থীদের দেওয়া হয়। বাংলাদেশের পক্ষে তারিক আদনান ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। অনুষ্ঠানে আইএমওর উপদেষ্টা পর্ষদের বিদায়ী সভাপতি অধ্যাপক জোসেফ পেলিক্যান বক্তব্য দেন। এবারের বিচারকদের সভায় রাশিয়ার দলনেতা নজর আখাখানভ পরবর্তী চার বছরের জন্য আইএমওর উপদেষ্টা পর্ষদের নতুন সভাপতি নির্বাচিত হন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কাজাখস্তানের পক্ষ থেকে আইএমওর পতাকা নেদারল্যান্ডের প্রতিনিধিদের হাতে হস্তান্তর করা হয়। পুরস্কার বিতরণের ফাঁকে ফাঁকে কাজাখ শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন। গণিত দল দেশে ফিরছে আজ: বাংলাদেশ গণিত দল দেশে ফিরছে আজ বৃহস্পতিবার সন্ধ্যায়। সাতটা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের বিমানযোগে দেশে ফিরছে বাংলাদেশ গণিত দল। এবার ষষ্ঠবারের মতো আইএমওতে অংশ নিয়েছে বাংলাদেশ। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় সারা দেশে গণিত উৎসব আয়োজনের মাধ্যমে ৫১তম আইএমওর জন্য পাঁচজনের বাংলাদেশ গণিত দল নির্বাচন ও এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।